২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মন্ত্রণালয়ের ৮০ ভাগ কাজই পেঁয়াজ নিয়ে’

পেঁয়াজকে ঘিরেই বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের ৮০ ভাগ কাজ হচ্ছে বলে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 11:18 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারদলীয় সংসদ সদস্য শাহিদা তারেখ দিপ্তীর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “পেঁয়াজের ওপর বাণিজ্য মন্ত্রণালয়ের ৮০ ভাগ কনসেনট্রেসান রয়েছে। আমরা সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেছি। মিয়ানমার, চীন, পাকিস্তানের সঙ্গে পেঁয়াজ আমদানির বিষয়ে যোগাযোগ করা হচ্ছে।”

তিনি বলেন, মিয়ানমার, চীন ও পাকিস্তানে পেঁয়াজের উৎপাদন কম হওয়ায় ভারত থেকে তা আনলেই ভালো হয়। তবে এবার ভারতেও পেঁয়াজের উৎপাদন কম হওয়ায় সেখানে দাম বেশি।

দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৩ লাখ টন বলে ধরা হয়। কৃষি মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বাজারে পেঁয়াজের সরবরাহে কোনো সঙ্কট থাকার কথা নয়।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর দেশে ১৯ লাখ ১৪ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে আমদানি হয়েছে পাঁচ লাখ টনের বেশি। হিসাব অনুযায়ী পেঁয়াজ উদ্বৃত্ত থাকার কথা হলেও গত অগাস্ট মাসে বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যায়, দাম যায় বেড়ে।

ওই সময় পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়ে রাজধানীর বাজারগুলোতে তা প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়। ভারতের বাজারে দাম বাড়ার প্রভাবে এই মূল্য বৃদ্ধি ঘটেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

পরে বাজার সামাল দিতে জরুরি ভিত্তিতে ৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে আমদানি করা ওই পেঁয়াজ এখন খোলা বাজারে বিক্রি হচ্ছে।

বাজারে পণ্যের দাম ঠিক রাখা টিসিবির দায়িত্ব উল্লেখ করে গোলাম মোহাম্মদ কাদের বলেন, “আমরা ফোর্স করে দাম কমাতে পারি না। মার্কেটের মেইন ফোর্স প্রাইভেট সেক্টর। দাম ঠিক রাখার জন্য বাজারে টিসিবির ২০ থেকে ৩০ ভাগ ইন্টারভেনসন থাকা উচিত।”

পেঁয়াজের দাম নিয়ে মন্ত্রী বলেন, “আমরা খুবই সজাগ আছি। পেঁয়াজের যেনো স্কারসিটি না হয়। এখানে ম্যানিপুলেশন হচ্ছে না।”

বিএনপির এক সাংসদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, “পেঁয়াজ মূলত ভারত এবং আদা চীন, ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে আমদানি করা হয়। আন্তর্জাতিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ভারতে অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশটি পেঁয়াজ রপ্তানির সর্বনিম্ন দাম টন প্রতি ৬৫০ ডলার নির্ধারণ করে দিয়েছে। এ কারণে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গেছে। সাত/আট মাস ধরে আন্তর্জাতিক বাজারে আদার দামও সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তাই আদার দামও বেড়ে গেছে।”

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, রপ্তানি কাজ সম্প্রসারণের জন্য শেরেবাংলা নগর এলাকায় জাতীয় রপ্তানি হাউজ নামে একটি ভবন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

এদিকে আওয়ামী লীগের সামসুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, “প্রবাসে নির্যাতনের ঘটনা ব্যাপক নয়, খুবই সামান্য।”

তিনি বলেন, “নির্যাতনের শিকার কর্মীকে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ মিশনের শ্রম উইংয়ের মাধ্যমে প্রয়োজনীয় আইনি সহায়তা দেয়া হয়।”

মন্ত্রী বলেন, বিদেশে নির‌্যাতনের শিকার হয়ে কোনো কর্মী দেশে ফেরত আসলে তিনি নিজে বা তার নিকট আত্মীয় মন্ত্রণালয় বা বিএমইটিতে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ক্ষেত্রবিশেষে অভিযুক্ত রিক্রুটিং সংস্থার কাছ থেকে জরিমানা আদায় বা তার লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হয়।

খন্দকার মোশাররফ হোসেন জানান, ২০১২ সালে পাওয়া বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ১২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলসহ এক কোটি ৯৬ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করে ক্ষতিগ্রস্তদের দেয়া হয়েছে।

চয়ন ইসলামের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, বর্তমান মহাজোট সরকারের আমলে ছয় লাখ ৯১ হাজার ৮৫৭ জন দক্ষ, ৯২ হাজার ৯৭৭ জন আধা দক্ষ, তিন হাজার ৩৫ জন পেশাজীবী এবং ১৪ লাখ ৯৭ হাজার ৬০৩ জন স্বল্প দক্ষ শ্রমিকসহ মোট ২২ লাখ ৮৫ হাজার ৪৭২ জন কর্মী বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিএমইটি থেকে ছাড়পত্র নিয়েছে।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বনায়ন খাতে মালয়শিয়া সরকারের ৩০ হাজার কর্মীর চাহিদা রয়েছে।