২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে বিদেশি ব্যাংককে ‘বিশেষ ছাড়’

পুঁজিবাজারের নয় হাজার কোটি টাকা ধরে রাখতে ব্যাংক কোম্পানি আইনের একটি ধারায় ‘বিশেষ ছাড়’ দেয়া হচ্ছে। বিদেশি চার ব্যাংকের ক্ষেত্রে এই ছাড় দেয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 07:49 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

এ বিষয়ে মতামত চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসলাম আলমের কাছে চিঠি পাঠিয়েছেন গভর্নর আতিউর রহমান। ফলে এইচএসবিসি, সিটি ব্যাংক এন এ, স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং কমার্সিয়াল ব্যাংক অব সিলন এই ছাড় পেতে যাচ্ছে।

নতুন ব্যাংক কোম্পানি আইনের ৭(ক) ধারা অনুযায়ী কোন ব্যাংক কোম্পানি নিজের বা অন্য কোন ব্যক্তি অথবা কোম্পানির পক্ষে পুঁজিবাজারে বিনিয়োগ করতে চাইলে সাবসিডিয়ারি কোম্পানি (সহযোগী প্রতিষ্ঠান) খুলে বিনিয়োগ করতে হবে।

গত ২২ জুলাই নতুন এই আইনের গেজেট প্রকাশ করে সরকার।

বাংলাদেশের দুটি পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ওই বিদেশি চারটি ব্যাংক তাদের মূল কোম্পানি ও অন্যান্য প্রতিষ্ঠানের ১২০ কোটি ডলার (নয় হাজার কোটি টাকা) কাস্টডিয়ান ইনভেস্টমেন্ট রয়েছে।

সাবসিডিয়ারি না থাকায় নতুন আইন অনুযায়ী ওই চারটি ব্যাংক এই বিনিয়োগ রাখতে পারে না।

কাস্টডিয়ান ইনভেষ্টমেন্ট হচ্ছে পুঁজিবাজারে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিনিয়োগের দেখভাল করা বা বিনিয়োগের অভিভাবক হিসেবে কাজ করা। তবে যে প্রতিষ্ঠান এই বিনিয়োগের দেখভাল করে সে ওই বিনিয়োগের ঝুঁকিও নেয়।

এজন্য ব্যাংকগুলো আইনের গেজেট প্রকাশ হওয়ার পরে বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতামত জানতে চায়।

বাংলাদেশ ব্যাংক প্রথমে আইন অনুযায়ী, পদক্ষেপ অর্থ্যাৎ সাবসিডিয়ারি কোম্পানি খুলে বিনিয়োগ করার বিষয়ে মত দেয়। তবে ব্যাংকগুলোর পক্ষ থেকে জানানো হয়, তাদের মূল কোম্পানি এদেশে সাবসিডিয়ারি খুলতে চায় না।

এদিকে ৯ হাজার কোটি টাকার এই বিশাল বিনিয়োগ পুঁজিবাজার থেকে চলে যাক বাংলাদেশ ব্যাংক তাও চায় না। এজন্য এই চারটি ব্যাংককে নতুন ব্যাংক কোম্পানি আইনের ৭(ক) ধারা থেকে অব্যহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারা অনুযায়ী ওই চার প্রতিষ্ঠান এ সুবিধা পাবে। ১২১ ধারায় ‘কতিপয় ক্ষেত্রে’ অব্যাহতি প্রদানের ক্ষমতা দেয়া হয়েছে।

এ বিষয়ে সরকারের মতামত নেয়ার জন্য গভর্নর আতিউর রহমান গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসলাম আলমের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এছাড়া নতুন আইনের ২৬(ক) ধারা অনুযায়ী কোনো ব্যাংক তার আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়ামে রক্ষিত স্থিতি, সংবিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন্ড আর্নিংসের ২৫ শতাংশের বেশি পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে না।

যেসব ব্যাংকের এর বেশি বিনিয়োগ রয়েছে তাদেরকে ২০১৬ সালের ২১ জুলাইয়ের মধ্যে বিনিয়োগ কমিয়ে নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনতে হবে।

আর এই আইন ওই চার ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হবে।