সব পণ্যে শুল্কমুক্ত সুবিধার আশ্বাস রুশ মন্ত্রীর
রাশিয়ায় সব ধরনের পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দেয়ার আশ্বাস দিয়েছেন দেশটির শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী জুরি স্লায়োসার।মঙ্গলবার দুপুরে সফররত রাশিয়ার ১৮ সদস্যের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতারা পণ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দেয়ার প্রস্তাব করেন।
একই প্রস্তাব করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। প্রতিনিধি দলটি এ দুই মন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করে।
শুল্কমুক্ত সুবিধার বিষয়টি বিবেচনার আশ্বাস দেন রাশিয়ার বাণিজ্য প্রতিনিধি দলের প্রধান ও দেশটির শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী জুরি স্লায়োসার।
এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুটি ফোরম গঠনেরও প্রস্তাব দিয়েছে রাশিয়া ফেডারেশন।
বৈঠকে এফবিসিসিআইয়ের নেতারা বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে রাশিয়ার বাজারে বাংলাদেশি রপ্তানি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা দরকার। এছাড়া ব্যাংকিং জটিলতারও অবসান হতে হবে।
এ পদক্ষেপগুলো নেয়া হলে উভয় দেশের বাণিজ্য ঘাটতি কমে অচিরেই দ্বিপক্ষীয় বাণিজ্য ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করেন।
বর্তমানে বাংলাদেশের ৭৮টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পায়। তবে বস্ত্র, ঔষধ ও চামড়াসহ গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যে শুল্কমুক্ত সুবিধা নেই।
গত অর্থবছরে বাংলাদেশ থেকে রাশিয়ায় ২০ কোটি ৮২ লাখ ডলারের পণ্য রপ্তানি করা হয়। অন্যদিকে রাশিয়া থেকে ৩৩ কোটি ৫৩ লাখ ডলারের পণ্য আমদানি করা হয়।
এদিকে বাংলাদেশের ওষুধ শিল্পের আধুনিকায়নের লক্ষ্যে গবেষণা ও উন্নয়ন খাতে সহায়তা দেয়ার পাশাপাশি টিকা তৈরিতে প্রযুক্তি সহায়তা দেয়ার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। পাশাপাশি বাংলাদেশ থেকে সিরামিক, ফুটওয়্যার ও পাটজাত পণ্য আমদানি করতে চান দেশটির ব্যবসায়ীরা।
এছাড়া বৈঠকে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে বাংলাদেশের রেল যোগাযোগ, সমুদ্রবন্দর উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন, হালকা প্রকৌশল, তথ্য প্রযুক্তি, কৃষিভিত্তিক শিল্প, জাহাজ নির্মাণ ও জাহাজ ভাঙা শিল্পের আধুনিকায়নে রাশিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার বিষয় আলোচনা হয়।
বৈঠকে রাশিয়ার উপমন্ত্রী বলেন, শিল্পায়নের ধারা টেকসই করতে উৎপাদিত শিল্প পণ্যের গুণগত মানোন্নয়ন ও মূল্য সংযোজন জরুরি। এ ক্ষেত্রে রাশিয়া ফেডারেশনের উদ্যোক্তারা দূরপ্রাচ্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশের শিল্প কারখানার সক্ষমতা বৃদ্ধিতে এগিয়ে আসবে।
তিনি দ্বিপক্ষীয় শিল্প ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের জন্য রাশিয়ায় বিনিয়োগ ফোরাম ও বাংলাদেশে ব্যবসায়ী ফোরাম গঠনের প্রস্তাব করেন।
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে উভয় দেশের অনেক সুযোগ রয়েছে। তবে বাণিজ্য প্রতিযোগিতার মধ্যে টিকে থাকতে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। তাছাড়া বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে হবে। তবেই দ্বিপক্ষীয় বাণিজ্য সফল হবে।
বাংলাদেশের সব পণ্য রপ্তানির ক্ষেত্রে রাশিয়া দ্রুতই শুল্কমুক্ত সুবিধা দেবে বলে আশা প্রকাশ করেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকারম উদ্দিন।
