হরতাল প্রত্যাহার চায় বিজিএমইএ-বিকেএমইএ
জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
মঙ্গলবার সন্ধ্যায় এই দুই সংগঠন এক বিবৃতিতে জামায়াতের হরতাল নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
এতে বলা হয়, একটি রাজনৈতিক দল দেশব্যাপী ৪৮ ঘণ্টার টানা হরতাল আহবান করায় রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘন ঘন হরতাল আহ্বান করায় ইতোমধ্যে তৈরি পোশাক শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দু’দিন আবারও হরতাল হলে পোশাক শিল্পকে আরো ক্ষতির মুখে পড়বে।
কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায়ের পর ৪৮ ঘণ্টার হরতাল ডাকে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার সকালে রায়ের পর দুপুরে এক বিবৃতিতে বুধ ও বৃহস্পতিবার হরতালের কর্মসূচির ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
বিবৃতিতে আপিল বিভাগের রায়কে ‘ভুল’ দাবি করলেও দলের শীর্ষনেতাদের মুক্তি দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়।
বিজিএমইএ ও বিকেএমইএ বিবৃতিতে বলেছে, বাংলাদেশের পোশাক কারখানার উন্নয়নে সহায়তা দেয়ার ঘোষণা দিয়ে গত ১৫ সেপ্টেম্বর থেকে মার্কিন ক্রেতাদের জোট ‘দি অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি’ এর বোর্ড সদস্যদের একটি প্রতিনিধিদল বর্তমানে ঢাকা সফর করছে।
বাংলাদেশে অবস্থানকালে প্রতিনিধিদলটি প্রতিনিয়তই বাংলাদেশের পোশাক শিল্পের শ্রমিকদের নিরাপত্তা বিষয়ক কার্যক্রম নিয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন মহলের সাথে বৈঠক করছেন। সাভার ট্র্যাজেডির প্রেক্ষাপটে পোশাক শিল্পের উদ্যোক্তারা যখন ক্রেতাদের বিভিন্ন চাপে দিশেহারা- সে পরিস্থিতিতে অ্যালায়েন্স প্রতিনিধিদলের বাংলাদেশ সফর পোশাক শিল্পের জন্য নিঃসন্দেহে একটি অত্যন্ত তাৎপর্যময় ঘটনা।
‘অ্যালায়েন্স প্রতিনিধিদলের এই সফরের মধ্যে হরতাল থাকলে যে উদ্দেশ্য নিয়ে এই ত্রেতারা বাংলাদেশে এসেছেন, তা ব্যাহত হতে পারে। বাংলাদেশ সম্পর্কে তাদের মনে নেতিবাচক ধারণার জন্ম দিতে পারে; যা আমাদের এই শিল্পের জন্য একান্তভাবে অনভিপ্রেত।’
