২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থ্রিজি নিলাম শুরু

তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির (থ্রিজি) তরঙ্গ বরাদ্দ পেতে রাজধানীর একটি হোটেলে নিলামে অংশ নিচ্ছে চার মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 11:47 AM

Updated : 23 Aug 2022, 06:52 PM

রোববার বেলা সোয়া ১১টার দিকে হোটেল রুপসী বাংলায় এই নিলাম শুরু হয়।

নিলামে অংশগ্রহণকারী চার অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল ও রবির জন্য একটি করে টেবিল রাখা হয়েছে অনুষ্ঠানে। প্রত্যেক অপারেটরের প্রধান নির্বাহী কর্মর্তাসহ পাঁচজন করে প্রতিনিধি উপস্থিত রয়েছেন যার যার টেবিলে।  

টেলিযোযোগমন্ত্রী সাহারা খাতুন, বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোসসহ কমিশনাররা নিলাম অুনষ্ঠানে উপস্থিত রয়েছেন।

নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গ মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ মিলিয়ন ডলার। ২১০০ ব্যান্ডের এর মোট ৪০ মেগাহার্টজ তরঙ্গ এ নিলামের জন্য বরাদ্দ রাখা হয়েছে। নিলামে ৪০ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি হলে ৬ হাজার কোটি টাকার বেশি আয় হওয়ার আশা করছে সরকার।

বিটিআরসি কর্মকর্তারা জানান, প্রথম ফেইজে দুটি ব্লকে (৫ মেগাহার্টজ করে মোট ১০ মেগাহার্টজ) নিলাম হবে।

নিলামের শুরুতে বিটিআরসি ২১ মিলিয়ন ডলারের (প্রতি মেগাহার্টস) ডাক দেয়া দিবে। তবে এই ডাকে একের অধিক অপারেটর রাজি থাকলে আবার ডাক হবে।

প্রতি ডাকে এক মিলিয়ন ডলার করে দর বাড়াবে বিটিআরসি।

নিলাম প্রক্রিয়ায় যে প্রথম হবে অর্থাৎ বিডে প্রথম জয়ী তার ইচ্ছামতো তরঙ্গ নিতে পারবে। অন্য কোনো অপারেটরও ১০ মেগাহার্টজ তরঙ্গ নিতে পারবে, এভাবে যদি চার অপারেটরই ৪০ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে নেয়, তাহলে নিলাম প্রক্রিয়া শেষ হয়ে যাবে।

আর তা না হলে দ্বিতীয় পর্যায়ে (৫ মেগাহার্টস) একটি ব্লকে নিলাম হবে। এই ব্লকের নিলামের পর কোনো ব্লক যদি খালি থাকে তাহলে যে কোনো অপারেটর তা কিনে নিতে পারবে। তবে এখানে নিলামে অংশগ্রহণকারী সর্বোচ্চ দরদাতাকে (অর্থাৎ যারা ১০ মেগাহার্টজ তরঙ্গ নিয়েছে) এ সুযোগ দেয়া হবে।

গত ২৯ অগাস্ট নিলামে অংশ নিশ্চিত করতে বিড আর্নেস্ট মানি জমা দেয় বেসরকারি চার মোবাইল ফোন অপারেটর।

ছয় অপারেটরের মধ্যে রাষ্ট্রায়ত্ত টেলিটক পরীক্ষামূলক থ্রি জি সেবা দিচ্ছে। চূড়ান্ত নীতিমালা অনুযায়ী টেলিটক নিলামে অংশ না নিলেও নিলামে যে দর উঠবে, সে পরিমাণ টাকা দিয়েই টেলিটককে লাইসেন্স নিতে হবে।

অপারেটররা ১৫ বছরের জন্য থ্রি জি লাইসেন্স পাবে।