অ্যাপোলে ইস্পাতের আইপিও বাতিলের দাবি
অ্যাপোলো ইস্পাত লিমিটডের আইপিও বাতিলের দাবি জানিয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
সম্প্রতি অ্যাপোলো ইস্পাতের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ওপর দেয়া স্থগিতাদেশ তুলে নেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
বুধবার কোম্পানিটির আইপিও বাতিলে বিএসইসিতে লিখিত আবেদন করে বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
সংগঠনের সভাপতি একেএম মিজান-উর রশিদ চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুল হক স্বাক্ষরিত চিঠিতে এই আবেদন জানানো হয়।
চিঠিতে বলা হয়, “যেখানে অর্থমন্ত্রী এ প্রতিষ্ঠানকে ‘অচল’, ‘সম্পদ লুটেরা’, ‘কর ও ঋণ খেলাপি’, ‘লোকাল এলসির মাধ্যমে চুরি-চামারি করা প্রতিষ্ঠান’ বলেছেন, সেই প্রতিষ্ঠানকে কিভাবে প্রিমিয়ামসহ তালিকাভুক্তির অনুমোদন দেয়া হয়?”
কোম্পানিটির আইপিও অনুমোদন বাতিল করা না হলে আদালতে যাওয়ার হুমকিও দিয়েছে বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
