২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরমালিন বিক্রি বন্ধে ‘প্রতিবাদবন্ধন’

ফরমালিনের বিক্রি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 06:46 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

বুধবার খোলা বাজারে ফরমালিন বিক্রি বন্ধ করার দাবিতে মানববন্ধন করে সংগঠনটি।

এ সময় এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হেলাল উদ্দিন বলেন, “দেড় বছর ধরে চেষ্টা করছি, অথচ ফরমালিন সমস্যার সমাধান করা যাচ্ছে না। আইন করে ফরমালিন সমস্যার সমাধান করতে হবে, আগামী সংসদে আমরা প্রধানমন্ত্রীর কাছে আইন পাসের ব্যাপারে আমরা নির্দশনা চাই ।”

মানববন্ধনে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সিদ্দিক বলেন, “প্রতিদিন আমাদের ফরমালিন খেতে বাধ্য করা হচ্ছে, প্রধানমন্ত্রী নিশ্চই বিষয়টি দেখবেন ।”

ফরমালিন আমদানি, বিক্রয় ও বিতরণ করার ক্ষমতা কেবলমাত্র ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) অর্পণ করা এবং অতি সত্ত্বর ফরমালিন নিয়ন্ত্রণ আইন সংসদে পাস করার দাবিতে বুধবার বেলা ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত এই ‘প্রতিবাদ বন্ধন কর্মসূচি’ পালিত হয়।

ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঘোষিত নয়টি ফরমালিনমুক্ত কাঁচা বাজার কর্তৃপক্ষ এই কর্মসূচিতে অংশ নেয়।

দেশে ফরমালিন আমদানির জন্য মাত্র একটি প্রতিষ্ঠান মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছে বলে সম্প্রতি বাণিজ্যমন্ত্রী জি এম কাদের গণমাধ্যমকর্মীদের জানিয়েছিলেন। তবে গত বছরের নভেম্বরের পর থেকে কোনো ফরমালিন আমদানি হয়নি।

এ অবস্থায় ফরমালিনের উৎস নিয়েও প্রশ্ন তুলেন মন্ত্রী।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশের বিভিন্ন খাদ্যপণ্যে ফরমালিনের মাত্রাতিরিক্ত উপস্থিতির প্রমাণ পাওয়া যায়।

খাদ্যে পচন রোধে এই রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার মানবস্বাস্থ্য ঝুঁকিতে ঠেলে দিচ্ছে বলে চিকিৎসকরা বলছেন।