২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর ব্যবস্থাপনা নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষ

চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 07:45 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

এছাড়া কাস্টমসের কার্যক্রম পর্যবেক্ষণে কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন তারা।

সোমবার দুপুরে বন্দরের ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিয়ে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এক গোলটেবিল বৈঠকে এ প্রস্তাব আসে।

বৈঠকের বিশেষ অতিথির বক্তব্যে চেম্বারের সাবেক সভাপতি ও সংসদ সদস্য এম এ লতিফ বলেন, ব্যবহারকারীদের অনৈক্যের সুযোগ নিয়ে বন্দর কর্তৃপক্ষ ও নৌ পরিবহন মন্ত্রণালয় চট্টগ্রাম বন্দরকে ব্যয়বহুল খাতে পরিণত করার চেষ্টা চালাচ্ছেন।

তিনি অভিযোগ করেন, বন্দর ব্যবস্থাপনার উপদেষ্টা কমিটিতে বন্দর ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্টতাহীন মানুষের সংখ্যা বেশি। তাই এখন পর্যন্ত এই কমিটির কোনো সুপারিশ বাস্তবায়িত হয়নি। এটি এখন বিলুপ্ত প্রায়।

লতিফ অভিযোগ করেন, গত কয়েক বছরের তুলনায় এবার বন্দরের সিসিটি (চিটাগাং কন্টেইনার টর্মিনাল) ও জিসিবিতে (জেনারেল কার্গো বাথ) তিন থেকে চার গুণ বেশি দামে পণ্য ওঠানামার কাজ দেয়ার চেষ্টা হচ্ছে।

কন্টেইনার হ্যান্ডলিংয়ের দরপত্রে নির্দিষ্ট ১২টি প্রতিষ্ঠানের বাইরে থেকে অংশ নেয়া ঠেকাতে বিশেষ শর্ত জুড়ে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বন্দরে আমদানি-রপ্তানিসহ সব বিষয় পর্যালোচনার জন্য ব্যবহারকারীদের প্রতিনিধির সমন্বয়ে মনিটরিং সেল গঠনের প্রস্তাব দেন।

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, বন্দর সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি কোটারি হিসেবে পরিচিত। বন্দর কর্মকর্তারা মন্ত্রণালয়ের মুখাপেক্ষী হওয়ায় মন্ত্রণালয়ের হস্তক্ষেপ বেড়ে গেছে।

চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, “বন্দরের উপদেষ্টা কমিটি রাজনৈতিক বিবেচনায় গঠিত। বন্দর বিষয়ে তাদের কোনো অভিজ্ঞতা নেই। এটা বিলুপ্তির দাবি করছি।”

হরতাল ও রাজনৈতিক অস্থিরতায় পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে রেলপথ ও মহাসড়ককে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) ঘোষণার দাবি জানান তিনি।

বৈঠকের সভাপতির বক্তব্যে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৮০ শতাংশ কার্যক্রম চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পাদিত হয়। তাই বন্দরের সুষ্ঠু ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বৈঠকে আরো বক্তব্য রাখেন চেম্বার পরিচালক অঞ্জন শেখর রায় ও মাহবুবুল হক চৌধুরী বাবর, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাচ্চু, বিকেএমইএ’র সাবেক পরিচালক শওকত ওসমান, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক সাহেদ সরোয়ার ও ইস্পাহানি গ্রুপের জিএম মিনহাজ উদ্দিন আহমেদ প্রমুখ।