আরেকটি বোয়িং আনল রিজেন্ট
আন্তর্জাতিক রুট বাড়াতে ভাড়ায় একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ এনেছে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।
রিজেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার সন্ধ্যা সোয়া ৬টায় উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এই নিয়ে বিমান সংস্থাটির বহরে উড়োজাহাজের সংখ্যা চারে দাঁড়াল।
রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী ইমরান আসিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৬ বছরের জন্য ইন্টারন্যাশনাল লিজ ফাইন্যান্স কর্পোরেশন (আইএলএফসি) থেকে ১২৬ আসনের এ উড়োজাহাজটি ভাড়া নেয়া হয়েছে।”
নতুন এ উড়োজাহাজটি দিয়ে আগামী সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর, ব্যাংকক এবং হংকং রুটে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানান তিনি।
এর আগে চলতি বছরের ৪ জুলাই রিজেন্টের বহরে যুক্ত হয় আরো একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। সেটি দিয়ে ১৫ জুলাই থেকে ঢাকা-কুয়ালালামপুর ফ্লাইট চালানোর মাধ্যমে আন্তর্জাতিক রুটে প্রবেশ করে এ বিমান সংস্থাটি।
এ দুটি উড়োজাহাজ ছাড়াও রিজেন্টের বর্তমান বহরে দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ রয়েছে।
