‘কারণ ছাড়াই পেঁয়াজের দাম বৃদ্ধি’
বিপুল মজুদের পরও পেঁয়াজের দাম বাড়া অস্বাভাবিক বলে মনে করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
রোববার বিকালে চট্টগ্রাম চেম্বার ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভায় তিনি এ মন্তব্য করেন।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আমদানিকারক ও ব্যবসায়ীরা।
মাহবুবুল আলম জানান, ১৭ থেকে ২০ লাখ টন চাহিদার বিপরীতে দেশে উৎপাদন ও আমদানি মিলিয়ে পেঁয়াজের মজুদ প্রায় ২৪ লাখ টন। কোন কারণ ছাড়াই অস্বাভাবিক মূল্য বেড়েছে।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি ও বাজারজাতকরণ ব্যবসায়ীদের কাজ এবং সরকার এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকে।
শুধু একটি উৎসের উপর নির্ভর না করে বিকল্প উৎস থেকে পণ্য আমদানির উপর গুরুত্বারোপও করেন তিনি।
মনোজ কুমার জানান, শিগগির বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল মিয়ানমার সফর করবে।
সভায় টিসিবি’র পরিচালক আবু সৈয়দ এম হাশিম বলেন, বর্তমানে যে উদ্বৃত্ত পেঁয়াজ আছে তা দিয়ে আগামী ৩ মাসের চাহিদা পূরণ সম্ভব।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ জামাল আহমেদ, ব্যবসায়ী ফজল করিম চেম্বার পরিচালক মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, এম এ মোতালেবসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা।
