রাঁধুনী সেমাইয়ে ফরমালিন নেই: স্কয়ার
সেমাইয়ে ফরমালিন নিয়ে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) পরীক্ষা নিয়ে ড্যানিশ ফুডসের পর এবার প্রশ্ন তুলেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ স্কয়ার কনজুমার প্রোডাক্টস লিমিটেড।
পবা’র সাম্প্রতিক এক পরীক্ষায় দেশের বাজারের সব সেমাইয়ে ফরমালিনের উপস্থিতি ধরা পড়ে এবং এর মধ্যে স্কয়ারের রাঁধুনী ভার্মিসিলি সেমাইও রয়েছে।
পবা’র প্রতিবেদনের ভিত্তিতে গত ৩ অগাস্ট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদন প্রকাশ হয়, যা নজরে আসার পর প্রতিবাদ পাঠিয়েছে স্কয়ার।
এতে স্কয়ার কনজুমার প্রডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, “রাঁধুনী ভার্মির্সিলি সেমাইয়ে কোনো ফরমালিন নেই।”
দাবির পক্ষে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের(বিসিএসআইআর)এর আওতাধীন খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের একটি নিরীক্ষা প্রতিবেদনও পাঠানো হয়।
গত ১৯ অগাস্ট করা ওই নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, রাঁধুনী ভার্মির্সিলি সেমাইতে কোনো ফরমালিন পাওয়া যায়নি।
অঞ্জন চৌধুরী বলেন, “বিসিএসআইআর ছাড়াও স্কয়ারের নিজস্ব ল্যাব, বাজারের পরীক্ষা কেন্দ্রতে নিরীক্ষা করেও রাঁধুনী ভার্মিসিলি সেমাইয়ে কোন ধরনের ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।”
