ডিএসইতে সূচকের সঙ্গে লেনদেনও কমেছে
সপ্তাহের চতুর্থ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় বাজারের শুরুতে সূচক কিছুটা উঠলেও দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৬৮ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ১২ দশমিক ৭৪ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৫৩৭ পয়েন্ট।
বুধবার ডিএসইতে প্রায় ৫৬৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১৪২ কোটি টাকা কম।
এদিন ১০৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত ছিল ৩২টির দাম।
মঙ্গলবার ডিএসই সূচক প্রায় ১ দশমিক ৪ পয়েন্ট কমে, লেনদেন হয় ৭০৭ কোটি টাকার শেয়ার।
তার আগে রবি ও সোমবার সূচক প্রায় ১০০ পয়েন্ট বাড়ে। সপ্তাহের প্রথম দিন ৪৪৯ কোটি টাকা এবং দ্বিতীয় দিন ৪৭৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
ঈদের ছুটির পরে গত সপ্তাহে তিনদিনে ডিএসইর সূচক বাড়ে ৯১ পয়েন্ট; প্রতিদিনি গড়ে ২৭৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। আর ছুটির আগের দুই দিনে ডিএসইর সূচক ২০ পয়েন্ট কমে; প্রতিদিনি গড়ে ২১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
