২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেডের বহরে এটিআর ৭২

ইউনাইটেড এয়ারওয়েজের বহরে যুক্ত হয়েছে একটি এটিআর ৭২ মডেলের উড়োজাহাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 04:34 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

এই নিয়ে বেসরকারি বিমান সংস্থাটির বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ১০টিতে।

ইউনাইটেড এয়ারের মার্কেটিং এবং কমিউনিকেশন্স বিভাগের এজিএম কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টায় নতুন উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায়।

এর আগে ৬৪ আসনের এ উড়োজাহাজটি পোল্যান্ডের একটি বিমান সংস্থা ব্যবহার করতো বলে জানান তিনি।

ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী বলেন, উড়োজাহাজটি দিয়ে প্রাথমিক ভাবে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

“এই ধরনের উড়োজাহাজ অপেক্ষাকৃত কম ব্যয় সম্পন্ন হওয়ায় ভাড়াও কম নির্ধারণ করা সম্ভব।”

ইউনাইটেড এয়ারওয়েজ বর্তমানে ঢাকা থেকে আন্তর্জাতিক রুট জেদ্দা, দুবাই, মাস্কাট, কুয়ালা লামপুর, ব্যাংকক, কাঠমান্ডু, কলকাতা এবং চট্টগ্রাম থেকে মাস্কাট ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী, সৈয়দপুর ও বরিশালেও রয়েছে ইউনাইটেডের ফ্লাইট।

আর এ জন্য তাদের বহরে রয়েছে একটি ড্যাশ-৮-১০০, তিনটি এটিআর-৭২, চারটি এমডি-৮৩ ও দুইটি এয়ারবাস-৩১০ এয়ারক্রাফট।