২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থ্রিজি নিলাম প্রক্রিয়া চূড়ান্ত চলতি সপ্তাহে

থ্রিজি তরঙ্গ নিলাম প্রক্রিয়া চলতি সপ্তাহে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিটিআরসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 12:51 AM

Updated : 23 Aug 2022, 06:45 PM

সোমবার নিলাম প্রক্রিয়া নিয়ে বিটিআরসি কাযালয়ে এক সভা শেষে লিগ্যাল অ্যান্ড লাইসেন্সসিং বিভাগের কমিশনার আব্দুস সামাদ এ তথ্য জানান।

তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবা (থ্রিজি) তরঙ্গ নিলামে অংশগ্রহনকারী অপারেটরদের সঙ্গে নিলাম প্রক্রিয়া নিয়ে পরামর্শ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে কমিশনার আব্দুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপারেটরদের সাথে নিলাম প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তারা এ বিষয়ে কিছু সুপারিশ করেছে। তিনটি ফেইজে নিলাম প্রক্রিয়া হওয়ার কথা থাকলেও তারা দুটি ফেইজের জন্য সুপারিশ করেছেন।”

অপারেটরদের তোলা সুপারিশগুলো বিবেচনা করে তা এ সপ্তাহে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানোর পর তা চূড়ান্ত করা হবে বলেও আশা প্রকাশ করেন বিটিআরসি কমিশনার।   

রোববার বেসরকারি পাঁচ মোবাইল ফোন অপারেটরকে থ্রিজি তরঙ্গ নিলাম অংশগ্রহণে যোগ্য ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবা (থ্রিজি) তরঙ্গ নিলামে অংশ নিতে গত ১২ অগাস্ট আবেদন করে বেসরকারি পাঁচ অপারেটর- গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল ও সিটিসেল।

রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটক এ নিলামে অংশ নিতে যোগ্য বিবেচিত হবে।

আগামী ৮ সেপ্টেম্বর নিলামের সময় নির্ধারণ করা হয়েছে ।

গত ১২ ফেব্রুয়ারি প্রতি মেগাহার্টজ তরঙ্গ মূল্য ২০ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করে তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবা (থ্রিজি) লাইসেন্স নীতিমালা চূড়ান্ত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

চূড়ান্ত নীতিমালায় বাংলাদেশের বেসরকারি পাঁচ মোবাইল অপারেটরদের মধ্যে তিনটি এবং নতুন এক অপারেটরকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

৬ অপারেটরের মধ্যে টেলিটক পরীক্ষামূলক থ্রিজি সেবা দিচ্ছে। থ্রিজি চূড়ান্ত নীতিমালা অনুযায়ী টেলিটক নিলামে অংশ না নিলেও নিলামে যে দর উঠবে, সে পরিমাণ টাকা দিয়েই টেলিটককে লাইসেন্স নিতে হবে।

১৫ বছরের জন্য থ্রিজি লাইসেন্স পাবে অপারেটরগুলো।