২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বস্ত্র খাত নিয়ে ভারতের সঙ্গে চুক্তি হচ্ছে

বস্ত্র খাতে সহযোগিতা বাড়াতে ভারতের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2013, 09:22 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

এর আওতায় ফ্যাশন প্রযুক্তিতে সহযোগিতা ও দক্ষতা বিনিময়, উত্পাদন দক্ষতার উন্নয়নসহ বস্ত্রখাতের উন্নয়নে কৌশলগত-বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি প্রতিবছর বাংলাদেশ থেকে নির্দিষ্ট পরিমাণ পাট ও পাটজাত পণ্য ভারতে রপ্তানির সুযোগ বিধান যুক্ত করা হবে।

আগামী ১৯ অগাস্ট দিল্লিতে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং ভারতের বস্ত্রমন্ত্রী কে এস রাও এই সমঝোতা স্মারকে সই করবেন বলে ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শুক্রবার পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই মন্ত্রী দুদেশের বস্ত্র ও পাট খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

গত অর্থবছরে বাংলাদেশ মোট ৫৬ কোটি ৩৯ লাখ ডলারের পণ্য ভারতে রপ্তানি করে, যার মধ্যে পাট ও বস্ত্র খাতের পণ্য ৫০ শতাংশের বেশি।

এসময়ে ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ১৫ শতাংশ। এর মধ্যে শুধু কাঁচা পাট রপ্তানিতেই ১৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এক বছরের ব্যবধানে কাঁচা পাট রপ্তানি ১১ কোটি ৩৯ লাখ ডলার থেকে বেড়ে ১৩ কোটি ৩৯ লাখ ডলার হয়েছে।

একই সময়ে পাটজাত পণ্য রপ্তানি ৭৩ দশমিক ৩ মিলিয়ন ডলার থেকে বেড়ে ৭ দশমিক ২ মিলিয়ন ডলার হয়েছে, যাতে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৭ শতাংশ।

২০১১ সালের সেপ্টেম্বরে ভারত বাংলাদেশি তৈরি পোশাকের উপর থেকে শুল্ক তুলে নেয়ার পর ২০১১-১২ অর্থবছরে ওভেন ও নিট পোশাক রপ্তানিতে ৫৩ শতাংশ প্রবৃদ্ধি হয়।

গত অর্থবছরের এই খাতে আগের বছরের তুলনায় ৩৬.৭ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে।