২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক সপ্তাহে সূচকে যোগ ৯১ পয়েন্ট

ঈদের ছুটির পরে তৃতীয় দিনে হরতালের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক (ডিএসই) সূচক প্রায় ৪ পয়েন্ট বেড়েছে, লেনদেন হয়েছে প্রায় ৩৫১ কোটি টাকার শেয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 05:56 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

১৫ অগাস্ট জাতীয় শোক দিবসের সরকারি ছুটি হওয়ায় বুধবারই ছিল সপ্তাহের শেষ কর্মদিবস। এ সপ্তাহে তিনদিনে ডিএসইর সূচক বাড়ে ৯১ পয়েন্ট; প্রতিদিনি গড়ে ২৭৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

বুধবার সকাল সাড়ে ১০টায় বাজার শুরুর পর সূচক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৪ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৮৩ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ৭ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৫১৪ পয়েন্ট।

বুধবার ডিএসইতে প্রায় ৩৫১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা ছুটির আগের দিনের চেয়ে প্রায় ২৮ কোটি টাকা বেশি।

এদিন ১৪০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির দাম।

মঙ্গলবার এ বাজারের সূচক বাড়ে ৬২ পয়েন্ট; লেনদেন হয় ৩২৩ কোটি টাকার শেয়ার। আর ঈদের পর বাজার খোলার শুরুর দিন সোমবার সূচক বাড়ে ২৫ পয়েন্ট; ১৬২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

ছুটির আগের দুই দিনে ডিএসইর সূচক কমে ২০ পয়েন্ট; প্রতিদিনি গড়ে ২১০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। তার আগের সপ্তাহে ডিএসইর সূচক কমে ৬৭ পয়েন্ট; প্রতিদিনি গড়ে ৩১৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।