বাংলাদেশ ব্যাংকের সহায়তা চায় বেসিস
তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের নীতিগত সহায়তা চেয়ে কয়েকটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সভাপতি এ কে এম ফাহিম মাশরুরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমানের সঙ্গে দেখা করে এসব প্রস্তাব দেন।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, ই-কমার্স ট্রান্সজেকশন নিরাপত্তা নিশ্চিত করতে দ্বি-স্তর অথেন্টিকেশন ব্যবস্থা চালু করা, সফটওয়্যার আমদানি ও রপ্তানি পদ্ধতি সহজ করা, অ্যাপস ও অনলাইন বিজ্ঞাপনের জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর অনুমতি।
গভর্নর বেসিসের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান ও সাবেক মহাসচিব শোয়েব আহমেদ মাসুদ উপস্থিত ছিলেন।
