২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায় ডিজিইএন

গত একযুগের নানা উত্থান-পতনে লাখ লাখ বিনিয়োগকারীর দৈনন্দিন হিসাবে জড়িয়ে যাওয়া ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকটি (ডিজিইএন) আর দেখা যাবে না।

রিয়াজুল বাশার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 04:35 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

ডিএসই কর্তৃপক্ষ এক ঘোষণায় জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ব্রড সূচক বা ডিএসইএক্স হবে দেশের প্রধান পুঁজিবাজারের প্রধান মূল্যসূচক।

মঙ্গলবার ডিএসই তাদের ওয়েবসাইটে ঘোষণায় আরো জানায়, সাধারণ সূচকটি (ডিজিইএন) তাদের ওয়েবসাইটে আর দেখানো হবে না।

গত প্রায় পাঁচ বছরে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল বিদায় হওয়া ডিজিইএন। ভুলে ভরা এ সূচকটি ২০০৯ থেকে ২০১০ সালের শেষ সময় পর্যন্ত ঝড়ের গতিতে ঊর্ধ্বমুখী হয়ে গত আড়াই বছরেরও বেশি সময় ধরে নিম্নমুখী।

সূচকের পতনের কারণেই শুরু হয় বিনিয়োগকারীদের আন্দোলন, সূচকের পতন সংবাদ মাধ্যমের আলোচনার গণ্ডি ছাড়িয়ে রাজনীতির মাঠেও উত্তাপ ছড়ায়।

সূচক ঊর্ধ্বমুখী করার জন্য নিরন্তর বৈঠক করেছেন বাজার সংশ্লিষ্টরা ও নিয়ন্ত্রক সংস্থা। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীও বৈঠকে বসেছেন বারবার। সূচককে একটি নির্দিষ্ট সীমারা মধ্যে ধরে রাখার জন্যও অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী।

২০১০ সালে ডিজিইএন যখন ঊর্ধ্বমুখী হচ্ছিল, তখন তাকে আটকানোর জন্য নিয়ন্ত্রক সংস্থা ওই সময় নানা ধরনের বিধিনিষেধ আরোপ শুরু করে, আবার একইভাবে পতনের সময় আগের বিধিনিষেধ তুলে নেয়া ছাড়াও নানা ধরনের আইনকানুন করা হয়।

কিন্তু কোনো কিছুতেই সূচকের গতিপথ বদলানো যায়নি।

এরকম ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা ডিএসই সাধারণ সূচকটি বৃহস্পতিবার থেকে বাতিল হয়ে স্মৃতিতে স্থান নেবে।

গত ২০ বছর ধরে পুঁজিবাজারে জড়িত থাকা বিনিয়োগকারী কাশেম আহমেদ এর প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ১২ বছর ধরেই এ সূচকটির সঙ্গে আমার সম্পর্ক। এসময়ে সূচক নিয়ে যত ভেবেছি, সম্ভবত অন্য কিছু নিয়ে আমি এত ভাবিনি।”

২০০১ সালের নভেম্বর ৮১৭ পয়েন্ট ভিত্তি ধরে চালু হয় ডিএসই সাধারণ সূচক। এক যুগের উত্থান-পতনের ভেতর দিয়ে ৪৩৪২ পয়েন্টে বিদায় নিল সূচকটি।

ডিজিইএন চালু হওয়ার প্রথম ৭ বছর বড় ধরনের অস্থিরতা ছাড়াই পার হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পরই ঊর্ধ্বমুখী হতে থাকে সূচক।

২০০৯ সাল থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাড়তে থাকে। একইসঙ্গে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন কোম্পানি মূলধন বাড়ানোর লক্ষ্যে বোনাস ও রাইট শেয়ার ছাড়তে শুরু করে।

বাজারে শেয়ার সরবরাহ বাড়ার পাশাপাশি নগদ টাকাও আসতে শুরু করে। সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগের জন্য এগিয়ে আসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। একসময় এদের অনেকেই সীমার অতিরিক্ত বিনিয়োগ করে।

অর্থের প্রবাহ ও শেয়ার বেড়ে যাওয়ার ফলে ফুলে-ফেঁপে উঠতে শুরু করে বাজার। বাজার সংশ্লিষ্ট অনেকের মতে, ষাঁড়ের গতি নয়, সূচক ছুটতে শুরু করে পাগলা ঘোড়ার মতো।

বর্তমান সরকার শপথ নেয়ার দিন ডিজিইএন ছিল ২৭৬৫ পয়েন্টে। এরপর ২২ মাসের ব্যবধানে ২০১০ সালের ৫ ডিসেম্বরের মধ্যে প্রায় সাড়ে তিনগুণ বেড়ে ৯ হাজার পয়েন্টের কাছে পৌঁছে যায়।

কিন্তু এরপর যে গতিতে সূচক উঠেছিল, তার চেয়েও বেশি গতিতে পতন শুরু হয়।

পতনের তীব্রতায় ২০১০ সালের ২০ জানুয়ারি ডিজিইএনে সার্কিট ব্রেকার বসানো হয়, মানে একদিনে একটি নির্দিষ্ট পরিমাণের বেশি বাড়তে বা কমতে পারবে না। তবে তাতেও রক্ষা হয়নি। ওই দিন প্রথম ৫ মিনিটের লেনদেনে সার্কিট ব্রেকার ভেঙে নিচে নেমে যায় সূচক।

এরপর দুদিন পুঁজিবাজার বন্ধ রেখে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে বাজার চাঙ্গা হওয়ার আশ্বাসবাণী দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাতেও পতন থামেনি। একইবছর নভেম্বরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে একগুচ্ছ প্রণোদনা দেয় নিয়ন্ত্রক সংস্থা। এরপরও পতন অব্যাহত থাকে।

২০১২ সালের ফেব্রুয়ারি ও চলতি বছর এপ্রিলে সাধারণ ৩৬০০ পয়েন্টের ঘরে নেমে আবার কিছুটা ঊর্ধ্বমুখী হয়।

২০০৯ সালের ১৬ নভেম্বর মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের তালিকাভুক্তির দিন ডিজিইএন এক লাফে ৩৩৮৩ পয়েন্ট থেকে ৭৬৫ পয়েন্ট বেড়ে যায়।

তখনি এই সূচক গণনা পদ্ধতি নিয়ে প্রশ্ন ওঠে। তবে তারপরও ভুলে ভরা সূচকটি চালিয়ে যাওয়া হয়।

২০১২ সালে এসে নতুন পদ্ধতিতে শুধু লেনদেনযোগ্য শেয়ারকে আমলে নিয়ে সূচক গণনা পদ্ধতি চালু করতে যুক্তরাষ্ট্রভিত্তিক এসঅ্যান্ডপিকে দায়িত্ব দেয় ডিএসই।

মান বজায় রাখতে ভুল সূচক বাদ দিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান দিয়ে নতুন সূচক প্রবর্তন করা হয়েছে বলে ডিএসই জানায়।

এসঅ্যান্ডপি প্রবর্তিত ডিএসইএক্স গত ২৮ জানুয়ারি থেকে চালু হলেও এতদিন দেখার সুবিধার জন্য ডিজিইএন রেখে দেয়া হয়েছিল। এথন তা ইতিহাসে স্থান নিল।

পুরনো খবর:

নতুন সূচকে লেনদেন শুরু ডিএসইতে