কারখানার উন্নয়নে সমন্বিত আচরণবিধিতে একমত ক্রেতারা
বাংলাদেশের পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশের মান ও নিরাপত্তা উন্নয়নে সমন্বিত আচরণবিধি তৈরিতে সম্মত হয়েছে ইউরোপের ক্রেতা প্রতিষ্ঠানগুলো।
মঙ্গলবার তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সঙ্গে এক বৈঠকে ইউরোপের ক্রেতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা এই সম্মতি দেন।
বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এর আগে বিজিএমইএর সহ-সভাপতি শহীদুল্লাহ আজিমের সঙ্গে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলোও সমন্বিত আচরণবিধির বিষয়ে একমত হয়।
পোশাক কারখানাগুলোর মানোন্নয়নে সরকার, ইউরোপ ও আমেরিকার ক্রেতারা আলাদা কর্মসূচি ঘোষণা করলেও পোশাক খাতের উদ্যোক্তারা চাইছিলেন একটি সমন্বিত কর্মসূচি হোক, যাতে সহজে বাস্তবায়নযোগ্য ও ফলপ্রসূ হয়।
সংবাদ ব্রিফিংয়ে আতিকুল ইসলাম বলেন, সমন্বিত আচরণবিধির ভিত্তিতে সরকার, উদ্যোক্তা, ক্রেতা ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে গঠিত স্টিয়ারিং কমিটি পোশাক কারখানাগুলো পরিদর্শন করবে।
File Photo
ওই কমিটি আগামী নয় মাসের মধ্যে কারখানা পরিদর্শনের কাজ শেষ করতে চায় বলে জানান তিনি।
সাভারের রানা প্লাজার দুর্ঘটনার পর ইউরোপের ৮০টি ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশের পোশাক কারখানাগুলোর মান উন্নয়নে ‘অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি’ পাঁচ বছরমেয়াদী একটি কর্মসূচির চুক্তিতে সই করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো চুক্তিতে না গিয়ে একটি জোট গঠন করেছে।
তবে দুপক্ষই পোশাক খাতের নিরাপত্তা ও শ্রমের মানের উন্নয়নে অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে।
বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত মঙ্গলবারের বৈঠকে ‘অ্যাকর্ড’-এর পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি রায় রমেশ চন্দ্র সেনও উপস্থিত ছিলেন।
এছাড়া বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ রপ্তানিকারক সমিতি (ইএবি) ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের নেতারাও সভায় উপস্থিত ছিলেন।
অ্যাকর্ডের পাঁচ বছরের কর্মসূচি বাস্তবায়নে ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর প্রস্তাবিত স্টিয়ারিং কমিটিতে তাতে বিজিএমইএ বা বিকেএমইএ সদস্যদের অন্তর্ভুক্ত করার কথা বলেছেন তারা।
বৈঠক শেষে ইএবি’র সভাপতি আবদুস সালাম মুর্শেদী বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “তারা যে কর্মসূচী বাস্তবায়ন করতে চাইছে তা সরকার ও বিজিএমইএর সহযোগিতা ছাড়া পারবে না। এবিষয়টি তাদের সামনে তুলে ধরা হয়েছে। সার্বিক বিষয় আলোচনার পর তারা এ বিষয়ে একমত হয়েছে।”
তবে বিফ্রিংয়ে ক্রেতাদের প্রতিনিধি দলের সদস্য ফিলিপ চেম্বারলেন বলেন, “কে কোন কমিটিতে থাকবে সেটা বড় কথা নয়। আমাদের সবার উদ্দেশ্য পোশাক খাতের কর্মপরিবেশের মান উন্নয়ন।”
ঢাকায় অ্যাকর্ডের নিজস্ব কার্যালয় খোলার আগ পর্যন্ত বিজিএমইএ ভবনেই অস্থায়ী কার্যালয় হবে। এর প্রধান হিসেবে কাজ করবেন বিজিএমইএর সভাপতি।
ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব রায় রমেশ চন্দ্র সেন বলেন, “পোশাক খাতের সুরক্ষায় ও এর বিকাশে সহায়তা দিতে আমরা একমত। পাশাপাশি আমরা সৃজনশীল ও দায়িত্বশীল ট্রেড ইউনিয়নকে উৎসাহিত করছি।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ক্রেতা প্রতিষ্ঠানগুলোর মনোনীত প্রতিনিধি অ্যালেক্স গনজালেস, ক্রিস্টি হফম্যান ও ইন্ডাস্ট্রি অলের মনিকা কেম্পার্লিও উপস্থিত ছিলেন।
