২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমার্ধে গ্রামীণফোনের আয় ৪৭৪০ কোটি টাকা

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন  চলতি বছরের প্রথম ছয় মাসে চার হাজার ৭৪০ কোটি টাকা রাজস্ব আয় করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2013, 02:32 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

২০১৩ সালের প্রথমার্ধের এই রাজস্ব আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ বেশি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ফ্রিজতফ রাস্তেন।

বৃহস্পতিবার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের সিইও বিবেক সুদ বলেন,“ব্যাপক প্রতিযোগিতা,  দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা এবং প্রতিকূল আবহাওয়া সত্বেও গ্রামীণফোন প্রবৃদ্ধি করতে সক্ষম হয়েছে,  ২০১২-তে শ্লথ  হয়ে যাওয়া প্রবৃদ্ধির চাকাকে সচল করতে সমর্থ হয়েছে।”

ফোনের ব্যবহার বৃদ্ধি এবং ননভয়েস সেবা  যেমন এসএমএস, সহযোগী ব্যবসা এবং স্থগিত সিম পরিবর্তন আয়ের এককালীন স্বীকৃতির কারণে এই প্রবৃদ্ধি হয়েছে বলে জানান তিনি।

দ্বিতীয় প্রান্তিকের মোট রাজস্ব ছিল ২৩৯০ কোটি টাকা, যা ২০১২ সালের একই প্রান্তিকের তুলনায় শতকরা ৩ দশমিক ২ ভাগ বেশি।

বিগত প্রান্তিকে গ্রামীণফোন ২২ লাখ নতুন গ্রাহক সংগ্রহ করেছে, যার ফলে বছর শেষে গ্রামীণফোনের মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে চার কোটি ৩৯ লাখ এবং মার্কেট শেয়ার হয়েছে প্রায় শতকরা ৪২ ভাগ।

আয়কর প্রদানের পর গত বছরের প্রথমার্ধের শতকরা ২০ দশমিক ৮ ভাগ মার্জিনসহ ৯৭০ কোটি টাকা মুনাফার তুলনায় চলতি বছরের একই সময়ে নিট মুনাফা হয়েছে শতকরা ১০ দশমিক ৮ ভাগ মার্জিনসহ ৫১০ কোটি টাকা।

২০১৩ সালের প্রথমার্ধে শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ৩ দশমিক ৭৮ টাকায়, যা ২০১২ সালের একই সময়ে  ছিল ৭ দশমিক ১৬ টাকা।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় ছিল ০ দশমিক ৪৩ টাকা, যা গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ছিল ৩ দশমিক ৩১ টাকা।