ঈদবাজারে হরতালের খাঁড়া
ঈদ সামনে রেখে ২০ লাখ টাকা ঋণ নিয়ে তার সঙ্গে নিজের চালান মিলিয়ে ভারত থেকে ৩০ লাখ টাকার সালোয়ার-কামিজ ও শাড়ি আমদানির পর এখন হরতালের কারণে শঙ্কার মধ্যে পড়েছেন রাজধানীর মৌচাক মার্কেটের ব্যবসায়ী আনছার আলী।
তার আশা ছিল, ঈদের বাজারে সব পণ্য বিক্রি করে দেনা শোধের পাশাপাশি ভাল লাভ থাকবে। কিন্তু রোজার প্রথম আটদিনের মধ্যে চারদিনই হরতাল থাকায় এখন সময়মত দেনা শোধ নিয়েই চিন্তায় পড়েছেন তিনি।
একই অবস্থা ঢাকা ও চট্টগ্রামের অন্যান্য বিপণি বিতানের ব্যবসায়ীদেরও। বিভিন্ন বিপনী বিতানে ঘুরে দোকানীদের সঙ্গে কথা বলে জানান গেছে, গত রোববার থেকে টানা হরতালের মধ্যে তাদের ক্রেতা কমে গেছে ৩০ থেকে ৫০ শতাংশ। অথচ ঈদ উৎসবকে কেন্দ্রে করে প্রতি বছর রোজার মাসেই দেশে সবচেয়ে বেশি কেনাবেচা হয়।
হতাশা আর ক্ষোভের সঙ্গে ব্যবসায়ীরা বলেছেন, দেশের ব্যবসা-বাণিজ্য ‘অপরাজনীতির’ কাছে জিম্মি হয়ে পড়েছে। সাধারণ মানুষের স্বার্থহানী করে এমন রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে আইন করারও দাবি জানিয়েছেন তারা।
হরতালে ফাঁকা ঢাকা নিউ মার্কেট
মালিবাগ মোড়ের ব্যবসায়ী রফিক মোহাম্মদ বলেন, হরতালে কারণে নারীরা ঘর থেকে বের হচ্ছেন কম। মার্কেটগুলো রাত ১১টা পর্যন্ত খোলা থাকলেও তারা আসছেন না।
এছাড়া মফস্বল থেকে ঢাকায় এসে যারা পোশাক কিনে নিয়ে যান, তারাও আসতে পারছেন না হরতালের কারণে। ফলে খুচরার পাশাপাশি পাইকারি কেনাবেচাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
“উনারা হরতাল ডেকে ঘরে বসে রাজনীতি করছেন, আর আমরা দোকানে বসে মাছি মারছি।”
ব্যবসায়ীরা বলছেন, আগামী মাসে কর্মচারীদের ঈদ বোনাস ও মাসের বেতন দিতে হবে। অর্থবছরের ভ্যাট পরিশোধেরও চাপ রয়েছে। এছাড়া ঈদ সামনে রেখে অনেকে ব্যক্তিগত ও ব্যাংক লোন নিয়ে মাল কিনেছেন। ঠিকমত বিক্রি না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবেন।
যুদ্ধাপরাধী জামায়াত নেতা গোলাম আজম ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিচারের রায়কে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর ডাকে গত সোমবার থেকে টানা চারদিন হরতাল চলছে সারা দেশে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এ কর্মসূচিকে ‘হরতাল উৎসব’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. হেলালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতালের কারণে ব্যবসায়ীরা সারা বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে খুচরা ব্যবসায়ীরা রাজনীতির কাছে পুরোপুরি জিম্মি হয়ে আছে। আমরা বিভিন্নভাবেই রাজনৈতিক দলগুলোকে হরতাল না করার অনুরোধ করেছি। কিন্তু তারা সাড়া দিচ্ছেন না।”
ঢাকার পলওয়েল মার্কেট
মহাখালীর জেনিস শো রুমের ম্যানেজার মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা খুবই হতাশ। ক্রেতা নেই। সারাদিনে চায়ের দোকানের সমানও কেনাবেচা হচ্ছে না।”
রাজধানীর এলিফেন্ট রোডের পোশাকের দোকানগুলোতে সারা বছরই কমবেশি ভিড় থাকে। তবে বুধবার ইফতারের পর এলিফ্যান্ট রোডে গিয়ে দেখা গেল অধিকাংশ দোকানই ফাঁকা।
টপটেন ফেব্রিকস অ্যান্ড টেইলার্স লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক সাইদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “হরতালের কারণে আমার বিক্রি ৩০ শতাংশের মত কমে গেছে।”
টপটেন শার্ট, প্যান্ট, স্যুট ও পাঞ্জাবির কাপড় বিক্রি করে। টেইলার্সও আছে তাদের।
পাশেই বাটা শোরুমের ক্যাশিয়ার জানালেন, এবার বিক্রির ধারা ভাল থাকলেও হরতালের কারণে গত কয়েকদিনে বিক্রি অর্ধেকে নেমে গেছে তাদের।
এপেক্সের বিক্রয় ব্যবস্থাপক ফরহাদ হোসেনও একই ধরনের তথ্য দিলেন। তার দাবি, হরতাল শুরুর পর তার দোকানের বিক্রি কমেছে ৪০ থেকে ৫০ শতাংশ ।
বাটার মোড়ের পাশে ফুটপাতের কাপড় বিক্রেতা আলমগীর হোসেন বলেন, “হরতাল আমারে শেষ করে দিতাছে, এইবার বিক্রি খুব ভাল হইতাছিল, হরতালের পরে বিক্রি নাই ।”
মুনসুন রেইনের সহকারী ব্যবস্থাপক ইকবাল অহমেদ ও মেনজ ক্লাবের জেনারেল ম্যানেজার মারুফ হোসেনও একই ধরনের কথা বললেন।
মারুফ বলেন, “হরতালে মার্কেটগুলোতে দোকান খোলা রাখা গেলেও রাস্তার পাশের দোকান খোলা রাখা যায় না। আমাদের অবস্থা আরও খারাপ।”
হরতালের মধ্যে গত চারদিনে তেমন কোনো বিকিকিনি হয়নি চট্টগ্রামের বিপণি কেন্দ্রগুলোতেও। আর রোজার দিনে সন্ধ্যার পর মার্কেট খুললেও ক্রেতাদের উপস্থিতি ছিল কম।
চট্টগ্রাম নিউ মার্কেটে ক্রেতাশূন্য একটি শাড়ির দোকান
মেনজ ক্লাবের পরিচালক ও আমিন সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ বলেন, “যে ক্ষতি হচ্ছে তা পুষিয়ে নেওয়া কোনো ভাবেই সম্ভব নয়। গত বছরের এই সময়ের তুলনায় এক চতুর্থাংশ বিক্রিও হয়নি।”
নগরীর বেপারী পাড়া এলাকার বাসিন্দা সানজিদা ইসলাম বলেন, গৃহিনীদের পক্ষে হরতালের মধ্যে দিনের বেলায় মার্কেটে গিয়ে কেনাকাটা করা কঠিন। আর সন্ধ্যার পর পরিবারের পুরুষ সদস্যরা নামাজে যান বলে এবার ঈদের কেনাকাটা শুরু করতে পারেননি তিনি।
বন্দরনগরীর নাসিরাবাদ এলাকার অভিজাত বিপণি কেন্দ্র সানমার ওশ্যান সিটির দোকানগুলো হরতালের দিনে খোলা হয় বেলা আড়াইটার পর।
এই মার্কেটের মালিক সমিতির সভাপতি আসাদ ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে উচ্চ ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতারা আসেন। কিন্তু হরতালে তারা গাড়ি বের করতে পারেন না। ফলে মার্কেটে কেনাকাটাও অনেক কমে গেছে।
চার দিন হরতালের প্রভাব অনেক বড় হয়ে দেখা দেবে মন্তব্য করে আসাদ বলেন, “রমজানের শেষ দিকে পণ্য বিক্রি করে এই প্রভাব কাটানো না গেলে সারা বছর জের টানতে হবে।”
চট্টগ্রামে ছোট-বড় মিলিয়ে প্রায় ১১০টি বিপণি কেন্দ্র আছে। এর মধ্যে হরতালে খোলা থাকে রেয়াজ উদ্দিন বাজার, তামাকুমণ্ডি লেইন ও হকার্স মার্কেট। কিন্তু হরতালে এই তিন মার্কেটেও ব্যবসায়ীরাও কাঙ্ক্ষিত সংখ্যায় ক্রেতা পাননি।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ছালামত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যবসায়ীরা দোকান খুলে বসে আছে কিন্তু ক্রেতা নেই। প্রতিদিনের খরচও উঠছে না। পুঁজিও আটকে আছে।”
এই রোজায় আরো হরতাল ডাকা হলে অনেক ব্যবসায়ীকে পথে বসতে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
