নিবন্ধন মাশুল বাড়াতে দুটি বিল পাস
অংশীদারিত্ব ব্যবসা ও সোসাইটি নিবন্ধনের মাশুল বাড়াতে দুটি আইন সংশোধনের প্রস্তাব পাস করেছে জাতীয় সংসদ।
বিরোধী দলের সদস্যরা এদিন সংসদে অনুপস্থিত থাকায় বিলের ওপর তাদের দেয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনীর প্রস্তাবগুলো উত্থাপন করা হয়নি।
ব্যবসায়ী অংশীদারিত্বের বিষয়ে ১৯৩২ সালের আইনে চুক্তির জন্য ১০ টাকা মাশুল ধার্য করা ছিল। এ আইন সংশোধনের ফলে মাশুল বেড়ে হবে এক হাজার টাকা। আর ১৯৩২ সালের আইনে ৬০ ধারায় চুক্তির জন্য যে মাশুল চার টাকা ছিল, তা বাড়িয়ে ২০০ টাকা করার বিধান রাখা হয়েছে আইনে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বাণিজ্যমন্ত্রী বলেন, “১৯৩২ সালের পার্টনারশিপ অ্যাক্টে বিভিন্ন ফিসের হার ৮০ বছরেও বাড়ানো হয়নি। কোম্পানি মাশুলের সঙ্গে পার্টনারশিপের বৈষম্য কমাতেই এ বিল উত্থাপন করা হয়েছে।”
এরপর মন্ত্রী ১৮৬০ সালের সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট সংশোধনে ‘সোসাইটিজ রেজিস্ট্রেশন (সংশোধন) বিল-২০১৩ পাসের প্রস্তাব করেন।
১৮৬০ সালের আইনে সোসাইটি রেজিস্ট্রেশনের মাশুল ছিল আড়াইশ টাকা। সংশোধিত আইনে তা বাড়িয়ে দশ হাজার টাকা করার কথা বলা হয়েছে।
