ডিএসইতে সূচক-লেনদেন দুটোই কমেছে
সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৮২ পয়েন্ট, লেনদেন হয়েছে, ৭৩০ কোটির শেয়ার।
বৃহস্পতিবার সকাল ১১টায় লেনদেন শুরুর পর সূচক কমতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৮২ পয়েন্ট কমে চার হাজার ২৬২ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৩ কমে হয়েছে ১ হাজার ৬২০ পয়েন্ট।
সারাদিনে ডিএসইতে প্রায় ৭৩০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা বুধবারের চেয়ে ৩১০ কোটি টাকা কম।
এ দিন দাম বেড়েছে ৪৭টি শেয়ারের, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের দাম।
এর আগে বুধবার ডিএসইর সার্বিক সূচক ২৪ পয়েন্ট বাড়ে, লেনদেন হয় প্রায় ১০৪০ কোটি টাকার শেয়ার।
মঙ্গলবার ডিএসইর সার্বিক সূচক ৫৮ পয়েন্ট বাড়ে, হাতবদল হয় গড়ে ১২৯৪ কোটি টাকার শেয়ার, যা ২৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।
এছাড়া সোমবার ডিএসইর সার্বিক সূচক ১৪ পয়েন্ট কমে, ৯৯১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। রোববার সূচক বাড়ে ৮ পয়েন্ট, হাতবদল হয় ৮৫৮ কোটি টাকার শেয়ার।
এ সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক কমেছে ৭ পয়েন্ট। গড়ে ৯৮৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। তার আগের সপ্তাহে ডিএসইর সূচক বাড়ে ১২১ পয়েন্ট, গড়ে ৭৬২ কোটি টাকার লেনদেন হয় প্রতিদিন।
রোজার মাসে ডিএসইতে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টা লেনদেন হবে।
