কারখানার নিরাপত্তা দেখতে আসবে বিদেশি ক্রেতারা
শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশের পোশাক কারখানাগুলো পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমা ৭০টি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানের জোট।
গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে অন্তত ১ হাজার ১৩০ জন নিহত হওয়ার পর মে মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের পোশাক কারখানাগুলোর নিরাপত্তা নিয়ে একটি সমঝোতা স্মারকে সই করে পশ্চিমা এসব ক্রেতা প্রতিষ্ঠান।
সুইজারল্যান্ডভিত্তিক শ্রমিক সংগঠনগুলোর জোট ইন্ড্রাস্ট্রি অল ও ইউএনআই গ্লোবালের উদ্যোগে ওই চুক্তি হয়।
ইউরোপের বেশিরভাগ প্রতিষ্ঠান চুক্তিতে সই করলেও ‘আইনি বাধ্যবাধকতার’ প্রসঙ্গ টেনে তা থেকে বিরত থাকে যুক্তরাষ্ট্রের অধিকাংশ পোশাক ব্যবসায়ী প্রতিষ্ঠান।
চুক্তিতে সইকারী পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের যেসব কারখানা থেকে পোশাক কেনে সেগুলোতে আগামী নয় মাসের মধ্যে পরিদর্শন করা হবে। এক্ষেত্রে অগ্নি, বৈদ্যুতিক ও অবকাঠামো নিরাপত্তার মতো বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। গুরুতর কোনো সমস্যা পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে বলা হবে।
চুক্তি অনুযায়ী, কারখানায় নিরাপত্তা নিশ্চিতের জন্য অর্থ দেয়ারও কথা রয়েছে ক্রেতা প্রতিষ্ঠানগুলোর । কারখানাগুলো নিয়মিত পরিদর্শনও করবে তারা।
টেসকো, বেনেট্টোন, মেট্রো, কেয়ারফোর, মার্কস অ্যান্ড স্পেনসার, এসপ্রিট ও অ্যাবারক্রোমবি অ্যান্ড ফিচ রয়েছে এসব প্রতিষ্ঠানের মধ্যে।
পোশাক কারখানায় নিরাপদ কর্মপরিবেশ না থাকা এবং শ্রমিক অধিকার লঙ্ঘিত হওয়ার কারণ দেখিয়ে গত মাসে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা বাতিল করে যুক্তরাষ্ট্র।
