২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্য খালাসে দেরির অভিযোগ ব্যবসায়ীদের

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার খুলে আমদানি করা পণ্য খালাসে অতিরিক্ত সময় লাগছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 04:19 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

বন্দরে নিয়োজিত বার্থ অপারেটরদের ব্যর্থতার কারণে এ ঘটনা ঘটছে বলে মনে করেন তারা।

রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে চেম্বারের সহ-সভাপতি এ এম মাহাবুব চৌধুরী বলেন, গত ১৩ জুন এমভি ওশান অ্যারো জাহাজ থেকে ১০টি পোশাক কারখানার পণ্যভর্তি একটি কন্টেইনার নামানো হয়। কন্টেইনার থেকে পণ্য খালাসে ১৩ দিন সময় লেগেছিল। অথচ স্বাভাবিক নিয়মে তিনদিনের মধ্যে এসব পণ্য খালাস হওয়ার কথা।

তিনি বলেন, পোশাক শিল্পের রপ্তানি আদেশ গ্রহণের প্রায় দুইমাসের মধ্যে পোশাক তৈরি করে জাহাজীকরণ করতে হয়। অর্থাৎ এ সময়ের মধ্যে কাঁচামাল আমদানি থেকে শুরু করে তৈরি পণ্য জাহাজে তুলে দিতে হয়।

পণ্য পরিবহনের কোনো জায়গায় বিলম্ব হলে রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলন থেকে তিনদিনের মধ্যে কন্টেইনার থেকে পণ্য খালাসের ব্যবস্থা, স্বয়ংক্রিয় পদ্ধতি কার্যকর করা, জাহাজ থেকে নামানোর পর সরাসরি বেসরকারি ডিপোতে কন্টেইনার পাঠানোর ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।

এতে মেট্রোপলিটন চেম্বারের পরিচালক আবদুল আউয়াল, অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম ও আবদুল হাই মাছুম বক্তব্য রাখেন।