থ্রি-জি নিলাম: ‘নিলাম প্রক্রিয়ার’ সূচিতে পরিবর্তন
তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবা (থ্রি-জি) তরঙ্গ নিলামের দিন ঠিক রাখলেও অন্যান্য সময়সূচিতে পরিবর্তন এনেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
এবার দুই সেপ্টেম্বর নিলামের দিন ঠিক রেখে ‘নিলাম প্রক্রিয়ার’ সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
বুধবার বিটিআরসি উপ-পরিচালক (লিগ্যাল এন্ড লাইসেনসিং বিভাগ) তারেক হাসান সিদ্দিকী স্বাক্ষরিত থ্রি-জি নিলামের সময়সূচি পরিবর্তনের চিঠি সব অপারেটরদের কাছে পাঠানো হয়।
২৪ জুন নিলামের কথা থাকলেও প্রথমবারে এক মাসের বেশি সময় পিছিয়ে নতুন সময় ৩১ জুলাই করা হয়েছিল। গত মে ৬ এ সিদ্ধান্ত নিয়েছিল বিটিআরসি। এরপর ৯ জুন আবার পরিবর্তন করে ২ সেপ্টেম্বর করা হয়।
নতুন সময়সূচি অনুযায়ী আগ্রহী অপারেটরদের আগামী ১ অগাস্টের মধ্যে আবেদন করতে হবে, আবেদন বাছাই এর শেষে যোগ্য অপারেটরদের নাম ঘোষণা ৫ অগাস্ট জুলাই, ১২ অগাস্ট অপারেটরদের সঙ্গে প্রি-বিড মিটিং, ১৯ অগাস্টের মধ্যে বিড আর্নেস্ট মানি জমা দেয়া এবং ২৫ অগাস্ট যোগ্য অপারেটরদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
গত ১২ ফেব্রুয়ারি প্রতি মেগাহার্টজ তরঙ্গ মূল্য ২০ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করে তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবা (থ্রি-জি) লাইসেন্স নীতিমালা চূড়ান্ত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
চূড়ান্ত নীতিমালায় বাংলাদেশের বেসরকারি পাঁচ মোবাইল অপারেটরদের মধ্যে তিনটি এবং নতুন এক অপারেটরকে লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
ছয় অপারেটরের মধ্যে রাস্ট্রয়ত্ত অপারেটর টেলিটকের পরীক্ষামূলক থ্রিজি সেবা দিচ্ছে। খসড়া নীতিমালা অনুযায়ী টেলিটক নিলামে অংশ না নিলেও নিলামে যে দর উঠবে, সে পরিমাণ টাকা দিয়েই টেলিটককে লাইসেন্স নিতে হবে।
টেলিটকসহ মোট পাঁচ অপারেটর থ্রিজি লাইসেন্স পাবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। চূড়ান্ত নীতিমালা ১৫ বছরের জন্য থ্রিজি লাইসেন্স পাবে অপারেটররা।
