২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্পের উন্নয়নে সঙ্গে থাকছে কানাডা

শ্রম অধিকার যথাযথ না থাকায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করলেও প্রতিবেশী কানাডা তৈরি পোশাক শিল্পের উন্নয়নে একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ড।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 03:04 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার ব্রুনাইতে ২০তম এশীয় আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর‌্যায় বৈঠকের এক ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে তিনি একথা জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায় সামাজিক দায়বদ্ধতাসহ তৈরি পোশাক খাতের সার্বিক কর্মপরিবেশের উন্নয়নে কানাডা বাংলাদেশের সঙ্গে কাজ করবে বলে দীপু মনিকে জানান জন বেয়ার্ড।

তার বক্তব্য উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “কোনো বাণিজ্যিক নিষেধাজ্ঞার মাধ্যমে এখাতের শ্রমিকদের শাস্তি দেয়া ঠিক বলে মনে করে না কানাডা।”

গত এক বছরের মধ্যে এক হাজার তিনশো জনের বেশি মানুষের প্রাণহানির পর দেশের পোশাক কারখানাগুলোতে কর্মপরিবেশের উন্নতি ও  শ্রম অধিকার নিশ্চিত করতে চাপ প্রয়োগের অংশ হিসেবে বৃহস্পতিবার বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিতের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

তৈরি পোশাক পণ্য জিএসপি সুবিধার আওতায় না থাকায় রপ্তানীকারকরা ততোটা উদ্বিগ্ন না হলেও যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত দেশের প্রধান রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডাকেও প্রভাবিত করে কী না তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন।

তবে ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নও আশ্বস্ত করেছে, তৈরি পোশাক শিল্পের উন্নয়নে তারা বাংলাদেশের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে না।

বাংলাদেশে পোশাক খাতে ভবনের নিরাপত্তা, অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে এবং শ্রম আইন যথাযথভাবে প্রয়োগে সহায়তা করতে কানাডার মন্ত্রী বিশেষজ্ঞ পাঠানোরও প্রস্তাব দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বেয়ার্ড বলেন, এ খাতে শ্রমিকের অধিকার রক্ষায় ও কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশের প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সঙ্গে কাজ করতে কানাডার সরকার তার দেশের ক্রেতা ও খুচরা বিক্রেতাদের উৎসাহ যোগাবে।

কানাডা ‘বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি’র কারণে ধন্যবাদ জানান দীপু মনি। তিনি শ্রমিকদের নিরাপত্তা রক্ষায় ও ভবন ধসে প্রাণহানির পর সরকারের নেয়া পদক্ষেপ সম্পর্কে তাকে অবহিত করেন।

গত বছর বাংলাদেশ এবং কানাডার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১৬০ কোটি ডলার ছাড়ায়।

দেশটিতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যগুলো হলো তৈরি পোশাক, প্রক্রিয়াজাতকৃত কৃষি পণ্য ও তথ্যপ্রযুক্তি সেবা।

পুরনো খবর:

জিএসপি: যুক্তরাষ্ট্রের পথে হাঁটবে না ইইউ