২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের নতুন ওয়েবসাইট, টিকিটে মূল্যছাড়

নতুন ওয়েবসাইট চালু উপলক্ষে টিকিটের উপর পঞ্চাশ শতাংশ মূল্যছাড় দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 12:48 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার দুপুরে বলাকা ভবনে এ কথা জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন স্টিল।

তিনি বলেন, “বুধবার মধ্যরাত থেকে নতুন ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো ক্লাসের টিকিট অর্ধেক মূল্যে কেনা যাবে।”

সর্বোচ্চ ২০০০ টি সিট এই প্রমোশনের আওতায় বিক্রি হবে বলে জানান তিনি।

৩ জুলাই থেকে বিমানের জন্য সম্পূর্ণ নতুন ও কার্যকরী ওয়েবসাইট চালু হচ্ছে। এই সাইটে অনলাইনে আগাম টিকিট, বিশেষ খাবারের বুকিং দেয়ার পাশাপাশি আরো বেশ কিছু সুবিধা পাবেন যাত্রীরা।

এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানান, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং কার্গো হ্যান্ডলিংয়ের যৌথ উদ্যোগ প্রসঙ্গে সাম্প্রতিক সময়ে দুটি আরআইএফ প্রকাশ নিয়ে যে ভুলবোঝাবুঝির সৃষ্টি হয়েছে তা অবসান হওয়ার পথে।

এই প্রক্রিয়া চালু হলে বিমানের পাশাপাশি কর্মীরাও লাভবান হবেন বলে তিনি জানান।

অপর এক প্রশ্নের জবাবে কেভিন বলেন, “বিমানের সাথে সিটা’র (এসআইটিএ) চুক্তি বলে বিমান চলতি বছর কমিউনিকেশন্স খাতে ২০ লাখ মার্কিন ডলার ব্যয় হ্রাস করতে সক্ষম হয়েছে।”

বিমান প্রধান বলেন, “সম্প্রতি হ্যান-এয়ারের সঙ্গে বিশ্বব্যাপী ইন্টারলাইন চুক্তি চূড়ান্ত হওয়ায় বিশ্বের ১৫০টি এয়ারলাইনের সঙ্গে ইন্টারলাইন করতে পারব এবং পৃথিবীর সকল দেশ থেকে বিমানের টিকিট করা যাবে।”

সংবাদ সম্মেলনে বিমানের পরিচালক শাহ নেওয়াজ, রাজপতি সরকার ও মোসাদ্দিক আহমেদ উপস্থিত ছিলেন।