২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইলেই ‘পিএবিএক্স এর মতো’ সেবা দেবে গ্রামীণ ফোন

কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মীদের সার্বক্ষণিক ‘বিশেষ’ মোবাইল নেটওয়ার্কের মধ্যে থাকার সুযোগ করে দিতে একটি বিশেষ সেবা এনেছে গ্রামীণ ফোন, যা কাজ করবে পিএবিএক্স ব্যবস্থার মতো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 06:29 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

গ্রামীণ ফোন বলছে, এম সেন্ট্রিক্স (m Centrex) সলিউশন নামের ওই সেবার আওতায় প্রতিষ্ঠানের কর্মীরা যে কোনো জায়গায় অবস্থান করে নিজেদের অফিসের সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন।

দেশের সর্ববৃহৎ এই মোবাইল ফোন অপারেটরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এম সেন্ট্রিক্সে যে সব মোবাইল নম্বর দেয়া থাকবে, তারা যে কোনো জায়গা থেকে পিএবিএক্সের মতো সুবিধা ভোগ করতে পারবেন।

একটি নির্দিষ্ট নম্বরে ফোন করে শর্টকোড ডায়ালের মাধ্যমে প্রয়োজনীয় ব্যক্তির সঙ্গে কথা বলা যাবে। ওই নম্বর থেকে বাইরের যে কোনো নম্বরেও কল করা যাবে।

এছাড়া কল ট্রান্সফার, কল ফরোওয়ার্ডিং, কল হান্টিং, গ্রুপ এসএমএস, ক্লোজড ইউজার গ্রুপ কলিং ছাড়াও অন্যান্য সেবা পাওয়া যাবে এখানে।

গত বছর এই সেবা চালু হলেও এবার এতে আরো কিছু সুবিধা দেয়ার পাশাপাশি মূল্যছাড় দেয়া হয়েছে বলে গ্রামীণ ফোন জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচারের অংশ হিসেবে এই সেবার মাসিক প্যাকেজের মূল্যের ওপর ৫০ শতাংশ ছাড় দেয়া হয়েছে এবং আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই ছাড় কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে কেউ এই সেবা গ্রহণ করলে শুরুর দিন থেকে ছয় মাস পর্যন্ত ওই ছাড় উপভোগ করতে পারবেন।

তবে এই ব্যবস্থায় কেমন খরচ পড়বে সে বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।