২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগ অব্যাহত রাখবে এভারি ডেনিসন

বাংলাদেশে পোশাক শিল্পে বিনিয়োগ অব্যাহত রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান এভারি ডেনিসন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 03:25 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা স্থগিতের ঘোষণা দেয়ার তিন দিনের মধ্যে দেশটির পোশাকসহ বিভিন্ন পণ্য উৎপাদন ও সরবরাহকারী এই কোম্পানি।  

রোববার দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে এভারি ডেনিসনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ডিন স্কারবোরো বলেন, “শ্রমিকদের উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত না হওয়ায় যুক্তরাষ্ট্র এ ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা এদেশের বাজারে বিনিয়োগ করা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি।”

“কর্মীদের নিরাপত্তা, সামাজিক ও অর্থনৈতিক দায়বদ্ধতা কেবল অগ্রগণ্য নয় বরং এগুলো আমাদের সংস্কৃতির ভিত্তি। আমরা আমাদের কর্মচারী, গ্রাহক এবং কমিউনিটির উন্নয়নে এদেশের বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

কারখানার কর্মপরিবেশের উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশের পণ্যে অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) স্থগিতের ঘোষণা বৃহস্পতিবার দেয় যুক্তরাষ্ট্র। তবে তৈরি পোশাক জিএসপি সুবিধার আওতায় ছিল না।

এভারি ডেনিশনের ব্রান্ডিং ও ইনফরমেশন সল্যুশনের প্রেসিডেন্ট শন নেভিল বলেন, “বাংলাদেশের পোশাক শিল্পকে এগিয়ে নিতে আমরা কর্মী দক্ষতা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং একই সঙ্গে কমিউনিটি উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রেখেছি। যথাযথ প্রশিক্ষণ ও উন্নয়ন মুলক প্রোগ্রামের মাধ্যমে কর্মীদের জীবনমান উন্নয়ন, নিরাপদ কর্মস্থল গড়ে তুলতে ভবিষ্যতেও আমাদের বিনিয়োগ অব্যাহত থাকবে।”

কর্মচারীদের কর্ম, বাসস্থান, শিক্ষা ও সামাজিক মান বজায় রাথতে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় শিক্ষার্থীদের জন্য ‘লাইফ স্কিলস প্রোগ্রাম’ এ বিনিয়োগ করা হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের দক্ষিণ এশিয়া সহ-সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক রিশি পার্ডাল এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির প্রধান আবুল কালাম।