ডিএসইতে সূচক-লেনদেন দুটোই কমেছে
সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক কমতে শুরু করে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৪৪ পয়েন্ট কমে চার হাজার ১০৪ পয়েন্ট হয় ।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৫ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৫৩২ পয়েন্ট।
সারাদিনে ডিএসইতে প্রায় ৫৬৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা বৃহস্পতিবারের চেয়ে ৭৬ কোটি টাকা কম।
ফিনিক্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ কাদির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আর্থিক বছরের শেষ দিন হওয়ায় অনেক বিনিয়োগকারী ব্যাংকে তাদের দেনা পাওনা সমন্বয়ে ব্যাস্ত। প্রতিবছরই এ সময় বাজারে একটু ধীর গতি থাকে।
“এবার যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা স্থগিত করায় বাজারে কিছুটা প্রভাব পড়েছে বলে মনে হয়। তবে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে বাজরের পতন দীর্ঘায়িত হওয়ার কারণ নেই”, বলেন তিনি।
এদিন দাম বেড়েছে ১০৫টি শেয়ারের, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের দাম।
বৃহস্পতিবার ডিএসইর সার্বিক সূচক ৪১ পয়েন্ট কমে, গড়ে ৬৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
আর গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক কমে ৬৫ পয়েন্ট, লেনদেন হয় গড়ে ৬৫১ কোটি টাকার শেয়ার।
এর আগের মাসে ডিএসইর সার্বিক সূচকে যোগ হয় ১৩৪ পয়েন্ট, গড়ে ৮৪৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
