২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাসন মেলা শুরু

চার দিনব্যাপী রিহ্যাব মেলা উদ্বোধন করে গরিবদের মাথার ছাদ দিতে আবাসন ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 02:35 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

রূপসী বাংলা হোটেলে বুধবার রিহ্যাবের গ্রীষ্মকালীন মেলার উদ্বোধন অনুষ্ঠান হয়। ওই হোটেলেই ২৯ জুন পর্যন্ত এই মেলা চলবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য খোলা থাকবে। মেলায় ঢুকতে দুই ধরনের টিকিট রয়েছে। ৫০ টাকার টিকিটে একবার এবং  ১০০ টাকার টিকিটে চারদিনই ঢোকা যাবে।

এবারের মেলায় মোট ১২৩টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়। এর মধ্যে রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার  ১২০টি, নির্মাণ সামগ্রীর  ১টি এবং অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান ২টি।

তথ্যমন্ত্রী আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠানের উদ্দেশে বলেন, “আপনারা (রিহাব) বরাবরই উচ্চবিত্ত, মধ্যবিত্তদের জন্য আবাসন নির্মাণ করলেও গরিবদের জন্য কিছু করছেন না।”

২০৪০ সালের মধ্যে দেশের জনসংখ্যা ২০ কোটি হবে, যার প্রায় ১০ কোটি নগরে বসবাস করবে। নগরবাসীদের উল্লেখযোগ্য অংশের ঠিকানা বস্তিতে হবে বলে মনে করেন ইনু। 

“তাই আপনাদের উচিত বস্তি ঠেকাতে গরিবদের জন্য আবাসন নির্মাণ করা।”

স্বল্প আয়ের মানুষদের জন্য আবাসন প্রকল্প নিলে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।

সবুজায়নের পাশাপাশি ভূমিকম্প ও দুযোর্গ মোকাবেলায় সক্ষম ভবন নির্মাণে জোর দিতে রিহ্যাবকে পরামর্শ দেন তিনি।

ইনু ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “আপনারা চুরি করেন আর যাই করেন, মানসম্পন্ন পণ্য উৎপাদন করুন।”

“ঘুষ খান আর যাই খান, দেশের জন্য ভালো কাজ করুন,” একইসঙ্গে সরকারিকর্মীদের উদ্দেশে বলেন তিনি।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাব সভাপতি নসরুল হামিদ বিপু এমপি। অনুষ্ঠানে এফবিবিসিআই সহসভাপতি হেলাল উদ্দিন, রিহ্যাবের সহসভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামানও বক্তব্য রাখেন।