২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯১টি খাদ্য গুদাম পাচ্ছে চট্টগ্রাম

চার দশকেরও বেশি সময় পর বন্দরনগরীতে নির্মাণ করা হচ্ছে নতুন ৯১টি খাদ্য গুদাম, যার বেশিরভাগেরই কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

উত্তম সেনগুপ্ত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 08:53 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

চট্টগ্রামের হালিশহরে সবগুলো গুদাম তৈরি হয়ে গেলে ৮৪ হাজার টন খাদ্য সংরক্ষণ করা যাবে। এর বাইরে উপজেলা পর্যায়েও নির্মিত হচ্ছে তিনটি গুদাম।

হালিশহর সেন্ট্রাল স্টোরেজ ডিপোতে (সিএসডি) এসব গুদামের নির্মাণ কাজ শেষ হলে চট্টগ্রামে খাদ্য মজুদে আর কোনো সমস্যা হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হালিশহর সিএসডির ব্যবস্থাপক রফিক আহমদ চৌধুরী জানান, ৯১টি গুদামের মধ্যে ৮২টির নির্মাণ কাজ ৮০ শতাংশের বেশি এগিয়েছে।

ঠিকাদার পরিবর্তন হওয়ায় বাকি নয়টি গুদামের কাজ বিলম্বিত হলেও ইতোমধ্যে ২০ শতাংশ কাজ শেষ হয়েছে। এছাড়া ওই এলাকার রাস্তা নির্মাণের কাজও শুরু হয়েছে বলে জানান তিনি।

হালিশহর সিএসডি এলাকায় ১৯৬৫ সালে নির্মিত হয় ৭৭টি খাদ্য গুদাম। এর পরে গত ৪৬ বছরে আর কোনো খাদ্য গুদাম হয়নি। বরং বিগত চার দলীয় জোট সরকার আমলে হালিশহর সিএসডি এলাকা বেপজার কাছে ইজারা দেয়া হয়। তারপর বেপজা কর্তৃপক্ষ ৪২টি খাদ্য গুদাম ভেঙে প্লট বরাদ্দ দেয়, বর্তমান সরকার আমলে যা বতিল করা হয়।  

ব্যবস্থাপক রফিক জানান, বর্তমানে সিএসডিতে মোট ৩৫টি গুদাম রয়েছে, সেগুলোর মধ্যে আবার তিনটি খাদ্য মজুদের অনুপোযোগী।

তিনি জানান,  ৯১টি গুদাম নির্মাণের পাশাপাশি ৩২টি গুদাম সংস্কার করা হচ্ছে। আর তিনটি গুদাম ভেঙে নতুন করে নির্মাণ করা হবে।

আঞ্চলিক খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হালিশহর এলাকায় নির্মাণাধীন এসব গুদামের মধ্যে ৭৭টির ধারণ ক্ষমতা ১ হাজার মেট্রিক টন করে। বাকি ১৪টির ধারণ ক্ষমতা ৫০০ টন করে।

নতুন গুদাম নির্মাণের ফলে হালিশহর সিএসডিতে দেড় লাখ টন খাদ্যশস্য মজুদ করা যাবে বলে ব্যবস্থাপক জানান। তিনি আশা করছেন, অগাস্টের মধ্যেই নির্মাণের কাজ শেষ হবে।

হালিশহরের বাইরে লোহাগাড়া, হাটহাজারী ও মিরসরাইয়ে নির্মিত হচ্ছে ৫০০ টন ধারণক্ষমতার তিনটি গুদাম।

চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের সহকারী খাদ্য নিয়ন্ত্রক চন্দ্র শেখর মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “এসব গুদাম নির্মাণের ফলে দেশে আপৎকালীন চাহিদ মোকাবেলা হবে।”

“গুদামের অভাবে জেলার বিভিন্নস্থানে খাদ্য মজুদ করতে হয়। এতে পরিবহন খরচও বেড়ে যায়। নতুন গুদাম চালু হলে এ সমস্যার লাঘব হবে।”

এদিকে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক গত ২ জুন দেওয়ান হাট এলাকায় নতুন ১৩টি খাদ্য গুদাম উদ্বোধন করেন। এসব গুদামে মোট ১৩ হাজার মেট্টিক টন খাদ্য মজুদের সুযোগ রয়েছে।