নিরাপদ অভিবাসনের জন্য তথ্যসেবা
বাংলাদেশি শ্রমিকদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বিশ্ব ব্যাংকের তত্ত্বাবধানে একটি পরীক্ষামূলক প্রকল্প চালু করতে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
জাপান সোশ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের (জেএসডিএফ) আর্থিক সহযোগিতায় এ প্রকল্পের আওতায় দেশের ২০টি জেলার ৮০টি উপজেলার আট লাখ ৬৪ হাজার মানুষ অভিবাসনের জন্য তথ্য সহযোগিতা পাবেন।
এ প্রকল্প বাস্তবায়নে শুক্রবার ব্র্যাকের প্রধান কার্যালয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে ২৫ লাখ ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক কর্তৃপক্ষ।
ব্র্যাকের জনসংযোগ বিভাগ জানায়, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এ প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে অভিবাসন সংক্রান্ত তথ্য জানাতে কমিউনিটিভিত্তিক সংগঠন (সিবিও) গড়ে তোলা হবে।
আগ্রহীরা কীভাবে কতো কম খরচে নিরাপদে কাজ নিয়ে বিদেশে যেতে পারবেন- বিনা খরচে তা জানাবে এসব সিবিও।
এছাড়াও বিদেশ থেকে পাঠানো টাকা পরিবারের কাছে পৌঁছে দিতেও সিবিওগুলো সাহায্য করবে।
এ প্রকল্পে নারী অভিবাসীদের অগ্রাধিকার দেয়া হবে বলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়।
বাংলাদেশে বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ক্রিস্টিন কিমস অনুষ্ঠানে বলেন, অভিবাসী শ্রমিকরা বিভিন্ন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কিন্তু বিভিন্ন সময় সঠিক তথ্যের অভাবে তাদের বিড়ম্বনায় পড়তে হয়।
“এ প্রকল্প সম্ভাব্য অভিবাসীদের অভিবাসন প্রক্রিয়া, সম্ভাব্য খরচ এবং পাঠানো টাকা ব্যবস্থাপনায় সহযোগিতা করবে।”
ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন বলেন, “গত কয়েক বছরে বিপুল পরিমাণ বাংলাদেশি কাজ নিয়ে বিদেশে গেছেন। তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ প্রকল্প তাদের এবং তাদের পরিবারের বিড়ম্বনা দূর করতে সাহায্য করবে।”
বর্তমানে তৈরি পোশাক শিল্পের পর দেশের অন্যতম বৃহৎ আয়ের উৎস প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থ, যা দেশের মোট জিডিপির প্রায় ১০ শতাংশ।
১৯৭২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি- ব্র্যাক বর্তমানে ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, আইনসহায়তা, উদ্যোক্তা প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে।
বিশ্বের ‘সর্ববৃহৎ’ এই এনজিও বর্তমানে এশিয়া, আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলের ১১টি দেশে কার্যক্রম পরিচালনা করছে, যাতে ভূমিকা রাখছেন ১ লাখেরও বেশি কর্মী।
