পুঁজিবাজার নিয়ে ডিএসই সভাপতির বৈঠক
পুঁজিবাজার গতিশীল করতে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনির্বাচিত সভাপতি আহসানুল ইসলাম টিটো।
বৈঠক শেষে আহসানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সার্বিক চেষ্টাটাই হবে বাজারকে গতিশীল করা, অংশগ্রহণ বাড়ানো এবং যারা বাজারে আসতে পারছে না তাদের ফিরিয়ে আনা।
“অামাদের কাজ হলো বাজারে সুযোগ-সুবিধা বাড়ানো, টাকা-পয়সা আসার সুযোগ করে দেয়া এবং বাজার সচল ও গতিশীল রাখা।”
বৈঠকে প্রতিনিধিরা পুঁজিবাজার গতিশীল করার বিষয়ে বিভিন্ন সুপারিশ দিয়েছেন বলে জানান ডিএসইর সভাপতি।
বৈঠকে উঠে আসা সুপারিশের বিষয়ে তিনি বলেন, মার্জিন ঋণের কারণে মূলধন নেতিবাচক হয়ে যাওয়ায় বহু বিনিয়োগকারী লেনদেনে অংশ নিতে পারছেন না। তাদের কীভাবে সচল করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।
“কীভাবে সক্রিয় করা যায় সেবিষয়ে একটা কাঠামো দরকার। মার্চেন্ট ব্যাংকগুলোর কাছে এ বিষয়ে আমরা কার্যপত্র চেয়েছি।”
নতুন সভাপতি বলেন, লেনদেন নিষ্পত্তির সময় একদিন কমিয়ে টি+২ করার পক্ষে অধিকাংশ ব্রোকার মত দিয়েছেন।
এছাড়া প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে তালিকাভুক্তির সময় ৪৫দিন থেকে কমিয়ে আনা, বাজারে বিদেশি বিনিয়োগ আরো বাড়ানো ও বিনিয়োগকারীদের লেনদেন সমস্যা সমাধান, ব্রোকারেজ কমিশন কমানো এবং উচ্চ লেনদেনের জন্য নেটিং সুবিধার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান আহসানুল ইসলাম।
পর্ষদ বৈঠকে সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
ডিএসই সভাপতি বলেন, আমরা সবার কাছ থেকেই সুপারিশ নিচ্ছি। যে কেউ president@dsebd.org এই মেইলে সুপারিশ পাঠাতে পারেন।
