সপ্তাহের শেষ দিনে সূচকের সঙ্গে কমেছে লেনদেন
সপ্তাহের শেষ দিনে লেনদেনের পাশাপাশি সূচকও কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক কমতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৪৫ পয়েন্ট কমে চার হাজার ২১৩ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৭ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৫৫৩ পয়েন্ট।
ডিএসইতে এদিনে ৬৮৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৩৮৭ কোটি টাকা কম।
বুধবার প্রায় নয় মাস পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়ায়। সপ্তাহের চতুর্থ দিন ডিএসইতে ১ হাজার ৭২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
এর আগে সর্বশেষ ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর ডিএসইতে এর বেশি লেনদেন হয়েছিল। সেদিন হাতবদল হয়েছিল ১ হাজার ১৭২ কোটি টাকার শেয়ার।
বৃহস্পতিবারের লেনদেনে দাম বেড়েছে ৪৬টি শেয়ারের, কমেছে ২২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের দাম।
এর আগে বুধবার ডিএসইর সার্বিক সূচকে যোগ হয় ৭৪ পয়েন্ট, মঙ্গলবার বাড়ে ১৮ পয়েন্ট, সোমবার ১৪ পয়েন্ট কমে এবং রোববার সূচকে যোগ হয় ৯৯ পয়েন্ট।
আর এক সপ্তাহে সার্বিক সূচকে যোগ হয়েছে ১৩৪ পয়েন্ট, লেনদেন হয়েছে গড়ে ৮৪৮ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহে ডিএসইর সূচকে ৫২ পয়েন্ট যোগ হয়; লেনদেন হয় গড়ে ৫৭৯ কোটি টাকার শেয়ার।
আগের দুই সপ্তাহে ডিএসইর সূচক ২৬৬ পয়েন্ট বাড়ে; লেনদেন হয় গড়ে ৪৪১ কোটি টাকার শেয়ার।
