২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাওনাদারদের অর্থ পাঠাচ্ছে লিলিপুট

ভারতের লিলিপুট কিডস ওয়্যার বাংলাদেশের পাওনাদারদের ২১ হাজার ৫২০ ডলার দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 07:15 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

বাংলাদেশ ও ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে লিলিপুট তাদের দেনার টাকা দেয়া শুরু করলো।

বাংলাদেশের ২২ জন রপ্তানিকারকের ৫০ লাখ ডলার পাওনা রয়েছে লিলিপুটের কাছে।

গত ১৩ ও ১৪ জুন নয়া দিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত বাণিজ্য বিষয়ক যৌথ এক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত এক ইস্যুতে লিলিপুটের দেনার প্রথম কিস্তি ছাড়ের বিষয়টি নিশ্চিত করা হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আহসান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিল্লিতে অনুষ্ঠিত ওই বৈঠকে লিলিপুটের দেনা পরিশোধের জোরালো দাবি জানানো হয়।

“এর আগে তারা দেনা পরিশোধের বিষয়ে নানা টালবাহানা করছিলো। তবে এবার আমরা পাওনা আদায়ের বিষয়ে কঠোর ছিলাম। সবশেষে তারা পাওনা অর্থ দিতে সম্মত হয়েছে এবং কিছু অর্থ ছাড়ও করেছে।”

মঙ্গলবার ছাড়কৃত অর্থ বাংলাদেশের একটি ভেন্ডর হাতে পেয়েছে বলে জানান তিনি।

২০১১ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের ২২ জন রপ্তানিকারকের কাছ থেকে ৫০ লাখ ডলারের পোশাক নিয়েছিলো লিলিপুট।

রপ্তানির সব নিয়ম অনুযায়ী পোশাক ডেলিভারি দেয়ার পরও এত দিন এর মূল্য পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি। এ নিয়ে গত ২ বছর ধরে বাংলাদেশ ও ভারত উভয় দেশের গণমাধ্যমে বেশ আলোচনা সমালোচনা চলছিলো।