২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্পে নৈরাজ্য: বিজিএমইএ

দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছে বলে উদ্বেগ প্রকাশ করেছে শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 07:29 PM

Updated : 23 Aug 2022, 11:00 AM

Image
ইইউতে পাকিস্তানের শুল্কমুক্ত সুবিধার বিপক্ষে বিজিএমইএ

ইইউতে পাকিস্তানের শুল্কমুক্ত সুবিধার বিপক্ষে বিজিএমইএ

সোমবার রাতে সংগঠনের এক বিবৃতিতে বলা হয়েছে, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে তৈরি পোশাক শিল্পে বর্তমানে এক ধরনের নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছে।

“প্রতিদিনই কোনো না কোনো পোশাক কারখানায় খাবার ভাতা, যাতায়াত ভাতা, হাজিরা বোনাস বৃদ্ধি, অযৌক্তিকভাবে মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন শ্রম-আইন বহির্ভূত দাবিতে শ্রমিক নামধারী মুষ্টিমেয় কিছু উচ্ছৃঙ্খল ব্যাক্তি বেআইনিভাবে কারখানায় ধর্মঘটের ডাক দিচ্ছে।”

আন্দোলনকারীরা কারখানায় তালা দিচ্ছে দাবি করে বিজিএমইএ বলছে, এতে শ্রম আইন অনুযায়ী মালিক কারখানা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। বিজিএমইএ মধ্যস্থতাকারী হিসেবে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে কারখানা পুনরায় চালুর ব্যবস্থা করছে।

গত কয়েক দিনে এ ধরনের ঘটনা ঘটেছে এরকম কারখানার মধ্যে রয়েছে- ফাউন্টেন গার্মেন্টস, বিএইচআইএস গার্মেন্টস, নাদিয়া এ্যাপারেলস, ইউটা গার্মেন্টস, ওমরফুল সুয়েটার, জে কে ফেব্রিক্স, ইউনি গিয়ার্স, ইন্টারফ্যাব ফ্যাব্রিক্স, অনন্ত গার্মেন্টস, লাক্সমা সুয়েটার, রূপা সুয়েটার, বেষ্ট শার্ট, মজুমদার গার্মেন্টস, বকুল এ্যাপারেলস, আয়েশা গার্মেন্টস প্রভৃতি।

রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুর পর উদ্ভূত পরিস্থিতির মধ্যে ‘নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের’র জন্য আন্তর্জাতিক বাজারে দেশের পোশাক শিল্পের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হচ্ছে, বলেছে বিজিএমএইএ।

শিল্প মালিকরা পোশাক শিল্প শ্রমিকদের শান্ত থাকতে অনুরোধ জানিয়েছেন।