‘রমজানে পণ্যের দাম স্বাভাবিক থাকবে’
সামনের রমজানে চাহিদার তুলনায় বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত থাকায় দাম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আসন্ন রমজানে উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর উত্পাদন, আমদানি, মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক থাকবে।”
এতে বলা হয়, চাল, গম, ভোজ্যতেল, চিনি, ডাল, ছোলা, পিঁয়াজ, রসুন, আদা, হলুদ, শুকনা মরিচ, ডিম ও খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য বাণিজ্য মন্ত্রণালয় নিয়মিত তদারকি করছে।
এসব পণ্যের সরবরাহ ও মূল্য যাতে কোনো কারণে অস্বাভাবিক না হয় সেজন্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মর্তুজা রেজা চৌধুরীর সভাপতিত্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে দ্রব্যমূল্য সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় মনিটরিং কমিটির এক জরুরি সভা হয় ।
রমজানে নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ রাখতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে সভায় জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়, প্রধানমন্ত্রীর কার্যালয়, শিল্প মন্ত্রণায়, খাদ্য মন্ত্রণালয়, মত্স ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, টিসিবি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ ট্যারিফ কমিশন, আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়, বাংলাদেশ ব্যংক, কৃষি মন্ত্রণালয় এবং জাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
