ডিএসইতে সাড়ে ৮ মাসে সর্বোচ্চ লেনদেন
গত সাড়ে ৮ মাসের মধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেন হয়েছে।
রোববার সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে সূচক এবং লেনদেন দুটোই বেড়েছে।
দিনশেষে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৮১৫ কোটি টাকা। এর আগে ২০১২ সালের ৩ অক্টোবর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয় এক হাজার ৪৪ কোটি টাকা।
সকাল সাড়ে ১০টায় বাজারে লেনদেন শুরুর পর সূচক বাড়তে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৯৯ পয়েন্ট বেড়ে চার হাজার ১৭৯ পয়েন্ট হয়।
বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৩০ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৩৬ পয়েন্টে উন্নীত হয়।
বাজারে দাম বেড়েছে ২৪৬টি শেয়ারের, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত ছিল ১০টি শেয়ারের দাম।
গত সপ্তাহে ডিএসইর সূচকে ৫২ পয়েন্ট যোগ হয়; লেনদেন হয় গড়ে ৫৭৯ কোটি টাকার শেয়ার।
আগের দুই সপ্তাহে ডিএসইর সূচকে ২৬৬ পয়েন্ট যোগ হয়; লেনদেন হয় গড়ে ৪৪১ কোটি টাকার শেয়ার।
