২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইর নেতৃত্বে আহসানুল ইসলাম

বর্তমান ব্যবস্থায় ‘শেষ নির্বাচনে’ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) সভাপতি নির্বাচিত হয়েছেন আহসানুল ইসলাম টিটো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 10:34 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

ডিএসইর উপ মহা ব্যবস্থাপক মো. শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাজধানীর একটি হোটেলে সংগঠনের বার্ষিক সাধারণ সভার (এজিএম) পর ১২ পরিচালকের ডিএসই পর্ষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় টিটোকে সভাপতি নির্বাচিত করে।

ডিএসইর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম টিটো সন্ধানী লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক এবং মোনা ফাইনানশিয়াল কনসাল্টেন্সি অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান। তিনি বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সহ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিদায়ী সভাপতি রকিবুর রহমানের কাছ থেকে সংগঠনের দায়িত্ব বুঝে নেবেন টিটো।

তিনি বলেন, “ডিমিউচ্যুয়ালাইজেশন সঠিকভাবে শেষ করাই আমার প্রথম কাজ। ডিমিউচ্যুয়ালাইজেশনের পর স্টক এক্সচেঞ্জ যাতে সঠিকভাবে পরিচালিত হয় সেজন্য একটি ভাল ব্যবস্থাপনা টিম তৈরি করার চেষ্টা করব আমি।”

সেইসঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওপর সরকার এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর বিষয়ে ‘বিশেষ গুরুত্ব’ দিচ্ছেন নতুন সভাপতি।

ডিএসইর ১২ জন পরিচালকের মধ্যে জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহজাহান। আর সহ-সভাপতি হয়েছেন মিজানুর রহমান খান।

এর আগে গত সোমবার ডিএসইর নির্বাচনে নতুন পরিচালক নির্বাচিত হন শাহেদ সিকিউরিটিজের শাহেদ আবদুল খালেক, মডার্ন সিকিউরিটিজের খুজিশতা নূর-ই নাহরিন, বিঅ্যান্ডবি এন্টারপ্রাইজের আজিজুল হক এবং শহিদুল্লাহ সিকিউরিটিজের শরীফ আনোয়ার হোসাইন। 

বর্তমান ব্যবস্থায় ডিএসইর ১২ জন নির্বাচিত পরিচালকের মধ্যে প্রতিবছর চারজনের মেয়াদ শেষে চারজন নতুন পরিচালক নির্বাচিত হন। আর বার্ষিক সাধারণ সভার পর নতুন পর্ষদের ১২ জন পরিচালক নিজেদের মধ্যে থেকে সংগঠনের নতুন সভাপতি, জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করেন।

ডিএসইর পরিচালনা পর্ষদের সভাপতি পদে এবারই শেষ নির্বাচন। নতুন সভাপতি ও র্বোড সময় পাচ্ছেন মোটামুটি ৬ মাস।

আগামী নভেম্বরের মধ্যে পুঁজিবাজারের ডিমিউচ্যুয়ালাইজেশন বা স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক হওয়ার আগ পর্যন্ত নতুন এই পরিচালনা পর্ষদ দায়িত্ব পালন করবে।

ডিমিউচুয়ালাইজেশনের পর প্রথম যে এজিএম হবে, তাতে ডিএসইর কোনো পরিচালক চেয়ারম্যান হতে পারবেন না। ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুসারে ডিএসইর প্রধান হবেন স্বতন্ত্র কোনো পরিচালক।

আহসানুল ইসলাম টিটো ১৯৬৯ সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এসএসসি ও ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে উচ্চ শিক্ষার জন্য থাইল্যান্ডে পাড়ি জমান তিনি। থাইল্যান্ড থেকে বিবিএ ও যুক্তরাষ্ট্রে এমবিএ শেষ করে দেশে ফিরে ১৯৯৩ সালে ডিএসইর সদস্য হিসাবে ব্যবসা শুরু করেন তিনি।