২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকার ‘সুসময়ে’ বাড়ছে যন্ত্রপাতির আমদানি

টাকার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের অব্যাহত দরপতনে বেড়েছে মূলধনী যন্ত্রপাতির আমদানি।

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টেফার ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 05:52 AM

Updated : 13 Oct 2022, 02:52 PM

বিদায়ী ২০১২-১৩ অর্থবছরের প্রথম দশ মাসের (জুলাই-এপ্রিল)হিসাবে ‘শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয়’ এই যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার পরিমাণ বেড়েছে প্রায় ৩২ শতাংশ।

গত ২০১১-১২ অর্থবছরের একই সময়ে যা ২৬ শতাংশ কমেছিল।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, ক্যাপিটাল মেশিনারি একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ধরনের প্রভাব ফেলে। যদি কোনো দেশে ক্যাপিটাল মেশিনারি আমদানি বাড়ে তাহলে ধরে নিতে হবে, সেই দেশের শিল্প গতিশীল হচ্ছে, প্রবৃদ্ধি বাড়ছে। আর যদি কমে তাহলে নেতিবাচক প্রভাব পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে ক্যাপিটাল মেশিনারির আমদানি বাড়ছে। এটা আমাদের অর্থনীতির জন্য খুবই ভাল খবর।”

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সবকিছুর আমদানি যখন কমছে তখন হঠাৎ করে মূলধনী যন্ত্রপাতির আমদানি বাড়ার বিষয়টি সবাইকে অবাক করেছে।

“বিষয়টি নিয়ে আমি গবেষণা করে দেখেছি। আমার মনে হয়েছে, ডলারের বিনিময় হার কম থাকায় শিল্প উদ্যোক্তারা ক্যাপিটাল মেশনারি আমদানি বাড়িয়ে দিয়েছেন।”

ডলারের বর্তমান বিনিময় হারে যন্ত্রপাতি আমদানিতে খরচ তুলনামূলকভাবে কম পড়ছে- এ বিষয়টি হিসাব করে উদ্যোক্তারা ভবিষ্যতে শিল্প স্থাপনের জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য বেশি বেশি এলসি খুলছেন বলেই মনে করেন অর্থনীতিবিদ জায়েদ বখত।

তিনি বলেন, “রাজনৈতিক অস্থিরতা, গ্যাস-বিদ্যুৎসহ অবকাঠামো খাতের অন্যান্য সমস্যার কারণে উদ্যোক্তারা এখনো এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছেন। কিন্তু তারা জানেন, এ সমস্যা বেশি দিন থাকবে না। নির্বাচনের পর একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হবে- এমনটাই প্রত্যাশা তাদের।”

তখন ডলারের দর বেড়ে গেলেও যাতে যন্ত্রপাতি আমদানিতে লোকসানে পড়তে না হয়- সে বিষয়টি হিসাব করেই উদ্যোক্তারা ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসাবে এখন প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানির উদ্যোগ নিয়েছেন বলে মনে করছেন এই গবেষক। 

তার মতে, ভবিষ্যতে দেশে শিল্প বিকাশের ক্ষেত্রে এটি ইতিবাচক ফল বয়ে আনবে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাসান জামানও জায়েদ বখতের সঙ্গে একমত।

তিনি বলেছেন, “যে কোনো বিনিয়োগ করার আগে লাভ-লসের হিসাবটি করতে হয়। যে উদ্যোক্তারা ডলারের বর্তমান মূল্যে ক্যাপিটাল মেশিনারি আমদানির জন্য এলসি খুলছেন তারা লাভবান হবেন বলেই আমার বিশ্বাস।”

বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান অবশ্য আরেকটি বিষয় যোগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে সরকার বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানকে বিদেশি ঋণ অনুমোদন দিয়েছে। ক্যাপিটাল মেশিনারি আমদানি বাড়ার ক্ষেত্রে এই ঋণ ইতিবাচক ভূমিকা রেখেছে বলে আমার মনে হয়।”

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত ২০১১-১২ অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) আগের বছরের একই সময়ের চেয়ে মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খোলার পরিমাণ কমেছিল ২৬ শতাংশ। আর বিদায়ী ২০১২-১৩ অর্থবছরের একই সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি বেড়েছে ৩২ শতাংশ।

এই অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থ্যাৎ জুলাই-ডিসেম্বর সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি আগের বছরের একই সময়ের চেয়ে ৮ শতাংশের মতো কমেছিল।

তারপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসে ধারাবাহিকভাবে এলসি খোলার পরিমাণ বেড়ে যাওয়ায় দশ মাসের (জুলাই-ফেব্রুয়ারি) হিসাবে ৩২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

জুলাই-এপ্রিল সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য মোট ২৩৬ কোটি ৩২ লাখ ডলারের এলসি খোলা হয়েছে। এর মধ্যে টেক্সটাইল মেশিনারি আমদানির জন্য এলসি খোলা হয়েছে ৩৯ কোটি ১৯ লাখ ডলারের। আর তৈরি পোশাক শিল্প খাতের জন্য ৩২ কোটি ৬৯ লাখ ডলারের এলসি খোলা হয়েছে।

এছাড়া ওষুধ শিল্প খাতের জন্য ৯ কোটি ডলার, পাট শিল্পের জন্য ১ কোটি ৮৯ লাখ ডলার, প্যাকেজিং শিল্পের জন্য প্রায় ৩ কোটি ডলার এবং চামড়া শিল্পের যন্ত্রপাতি আমদানির জন্য ৩২ লাখ ডলারের এলসি খোলা হয়েছে এই সময়ে।

২০১১-১২ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য ১৭৯ কোটি ৬০ লাখ ডলারের এলসি খোলা হয়েছিল।

জানুয়ারি থেকে এপ্রিল- এই চার মাসের প্রবণতা ব্যাখ্যা করতে গিয়ে জায়েদ বখত বলেন, “মুদ্রাবাজারের গতিবিধি পর্যবেক্ষণ করলে দেখা যাবে, ডিসেম্বর মাসের শেষের দিকে ডলারের দর ৮০ টাকার নিচে নেমে আসে। তখন থেকেই শিল্পদ্যোক্তারা ক্যাপিটাল মেশিনারি আমদানির জন্য এলসি খোলার পরিমাণ বাড়িয়ে দিয়েছেন।”

কেবল জানুয়ারি মাসেই মূলধনী যন্ত্রপাতি আমদানি খাতে এলসি (ঋণপত্র) খোলার পরিমাণ বেড়েছে ৫৮ শতাংশ। ফেব্রুয়ারি মাসে বাড়ে ২৮ শতাংশ। মার্চ ও এপ্রিল মাসেও এ ধারা অব্যাহত থাকে।

অথচ ডিসেম্বর পর্যন্ত এ খাতে এলসি খোলার পরিমাণ ছিল শূন্যের নিচে।

আন্তঃব্যাংক মুদ্রাবাজারে বৃহস্পতিবার প্রতি ডলার ৭৭ টাকা ৭৪ পয়সায় বিনিময় হয়েছে। গত বছরের ১১ জুন ডলারের বিনিময়ে পাওয়া গেছে ৮১ টাকা ৯৫ পয়সা।

এ হিসাবে এক বছরের ব্যবধানে টাকার বিপরীতে ডলারের দর কমেছে সাড়ে ৫ শতাংশ। আর দেড় বছরের হিসাবে কমেছে সাড়ে ৯ শতাংশ।

২০১২ সালের জানুয়ারিতে ডলারের দর বাড়তে বাড়তে ৮৫ টাকা পর্যন্ত উঠেছিল। যা ছিল এ যাবতকালের সর্বোচ্চ দর। এরপর থেকেই ডলারের দর কমতে থাকে।

বেসরকারি খাতে বিদেশি ঋণ অনুমোদন সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০১২ সালে মোট ১৫০ কোটি ডলারের বিদেশ থেকে ঋণ করার অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। ২০১১ সালে দেয়া হয়েছিল ৮২ কোটি ডলার।