নতুন বীমা কোম্পানির বিষয়ে শুনানি ১৬ জুন থেকে
বীমা কোম্পানি হিসেবে নিবন্ধনে আবেদনকারীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে শুনানি করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ১৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত এ শুনানি হবে।
বুধবার আইডিআরএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, “বুধবার আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই শুনানির সিদ্ধান্ত হয়েছে।”
সভায় এনবিআরের সদস্য নব গোপাল বণিক, মো. নূরুল ইসলাম মোল্লা ও মো. ফজলুল করিম উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষের সিন্ধান্ত অনুযায়ী শুনানিতে প্রত্যেক প্রস্তাবিত কোম্পানি থেকে সর্বোচ্চ দু’জন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন এবং শুনানির শেষে কর্তৃপক্ষের সভায় শুনানির ফলাফল নির্ধারণ করা হবে।
ইতোমধ্যে সাধারণ বীমা ও জীবন বীমা মিলে মোট ৭৭টি কোম্পানি নিবন্ধনের জন্য আইডিআরএর কাছে আবেদন করেছে। এরমধ্যে মাত্র ৩টি সাধারণ বীমা কোম্পানি। বাকি ৭৪টি জীবন বীমা কোম্পানি।
