২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট সেবায় ভ্যাট বহালে ‘হতাশ’ বেসিস

আগামী বাজেটে ইন্টারনেট সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের প্রস্তাব না করায় হতাশ হয়েছেন তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 03:57 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

তবে ফাইবার অপটিকস ক্যাবলের ওপর থেকে আরোপিত শুল্ক হ্রাসের প্রস্তাব করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ হওয়ার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে এখাতের ব্যবসায়ীদের একমাত্র সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

বিজ্ঞপ্তিতে বেসিসের সভাপতি একেএম ফাহিম মাশরুর বলেন, “বাজেটে ই-কমার্স ও ইন্টারনেটের উপর থেকে ভ্যাট প্রত্যাহার না করায় আমরা হতাশ। তবে ফাইবার অপটিকস ক্যাবলের উপর থেকে শুল্ক হ্রাস করার ঘোষণায় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।”

ফাহিম আরো বলেন, জাতীয় তথ্য প্রযুক্তি নীতিমালা ২০০৯-এ ৭০০ কোটি টাকার জাতীয় আইসিটি উন্নয়ন তহবিল গঠনের প্রস্তাব থাকলেও বাজেট বক্তৃতায় সে ব্যাপারেও সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি।”

তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের বরাদ্দ গত বছরের তুলনায় তিন গুণের বেশি বাড়ানোয় সন্তোষ প্রকাশ করেন তিনি।

আগামী অর্থবছরের বাজেটে আইসিটি মন্ত্রণালয়ের জন্য ৫৩০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করা হয়েছে, যা ২০১২-১৩ অর্থবছরে ছিল মাত্র ১৩৭ কোটি টাকা।

বেসিস সভাপতি আরো বলেন, প্রস্তাবিত বাজেটে আইসিটি খাতের উন্নয়নে আগামী অর্থবছরে ৫০ কোটি টাকা বরাদ্দ রাখার কথা বলা হলেও তা কোন কোন খাতে ব্যয় করা হবে তার সুনির্দিষ্ট কোনো সুস্পষ্ট ঘোষণা আসেনি।

বর্তমানে ইন্টারনেট সেবার ওপর ১৫ শতাংশ এবং তথ্য-প্রযুক্তিনির্ভর সেবার ওপর  চার দশমিক পাঁচ শতাংশ ভ্যাট আরোপিত রয়েছে।