জুলাইয়ে আন্তর্জাতিক রুটে ডানা মেলবে রিজেন্ট
আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। জুলাইয়ের প্রথম সপ্তাহে তারা ঢাকা-কুয়ালালামপুরের আকাশে উড়োজাহাজ উড়াবে।
বুধবার রাজধানীর লেকশোর হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী ইমরান আসিফ।
তিনি বলেন, “৭ জুলাই দুপুর সাড়ে ১২টায় (স্থানীয় সময়) রিজেন্টের উদ্বোধনী ফ্লাইট (আরএক্স ৭৮২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুর ছেড়ে যাবে। ফিরতি ফ্লাইটটি (আরএক্স ৭৮৩) কুয়ালালামপুর থেকে ছাড়বে সকাল ৮টা ২০ মিনিটে (স্থানীয় সময়)।”
ওই ফ্লাইটে ১২টি বিজনেস ক্লাস এবং ১১৪টি ইকোনোমি ক্লাস আসনে ভ্রমণের সুবিধা থাকবে। এ জন্য যাওয়া-আসা মিলিয়ে ইকোনোমি ক্লাসের যাত্রীদের খরচ হবে ২৭ হাজার ৫০০ টাকা এবং বিজনেসের ৫৫ হাজার টাকা।
এই মধ্যে এ জন্য যুক্তরাষ্ট্র থেকে ১২৬ আসনের দুইটি বোয়িং ৭৩৭-৭০০ ইআর মডেলের পরবর্তী প্রজন্মের উড়োজাহাজ ছয় বছরের জন্য ড্রাই লিজ পদ্ধতিতে ভাড়ায় আনা হয়েছে বলেও জানান ইমরান আসিফ।
কুয়ালালামপুর যাওয়ার জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে বুধবার থেকেই। রিজেন্টের সেলস অফিস ও ওয়েবসাইটের (www.flyregent.com) মাধ্যমে অগ্রিম টিকিট কাটা যাবে।
এ বছরেই ব্যাংকক, সিঙ্গাপুর, হংকং ও কলকাতাতেও ফ্লাইট শুরু করার কথা রয়েছে রিজেন্টের।
সংবাদ সম্মেলন শেষে ইমরান আসিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুয়ালালামপুরে প্রতিদিন একটি এবং হংকং, সিঙ্গাপুর ও ব্যাংককে সপ্তাহে চারটি করে ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে। এই রুটগুলোতে ব্যবহার করা হবে বোয়িং ৭৩৭ উড়োজাহাজ।”
২০১০ সালের নভেম্বর মাসে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট শুরু করার মধ্য দিয়ে যাত্রা শুরু করে রিজেন্ট এয়ার। বহরে থাকা দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ দিয়ে তারা এতোদিন অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্রগ্রাম, সিলেট, কক্সবাজার ও যশোরে ফ্লাইট পরিচালনা করে আসছে।
বাংলাদেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া বেসরকারি সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে।
