২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লভ্যাংশ আয়ের করমুক্ত সীমা বাড়ানো উচিৎ: মারুফ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 03:59 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

পুঁজিবাজারের ‘ক্ষতি’ পোষাতে আসছে বাজেটে বিনিয়োগকারীদের লভ্যাংশ আয়ের করমুক্ত সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করার সুপারিশ করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান ।

এছাড়া ব্রোকারেজ হাউজগুলোর ওপর আরোপিত উৎস কর কমানো ও কর্পোরেট কর রেয়াতের হার পুনর্বিন্যাস করাসহ বাজেটে পুঁজিবাজারের জন্য বেশকিছু প্রস্তাবও তুলে ধরেন তিনি।

২০১৩-১৪ অর্থবছরের বাজেটকে সামনে রেখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে সিএসই সভাপতির পুঁজিবাজার বিষয়ে মতামত ওঠে আসে।

আল মারুফ বলেন, পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে চলমান মন্দার ফলে অধিকাংশ বিনিয়োগকারী আয় ন্যূনতম করযোগ্য সীমার নীচে রয়েছে। বর্তমানে করমুক্ত আয়ের সীমা লভ্যাংশের পাঁচ হাজার টাকা হওয়ায় ক্ষতিগ্রস্ত হলেও অনেক বিনিয়োগকারীকে কর দিতে হবে। তাই ৫০ হাজার টাকা করমুক্ত লভ্যাংশের সীমা করা উচিৎ।”

দেশের পুঁজিবাজারের মন্দার চিত্র তুলে সিএসই সভাপতি বলেন, “আমাদের পুঁজিবাজারে ২০১০ সালের শেষভাগে শুরু হওয়া ধস এখনো কাটিয়ে উঠা সম্ভব হয়নি। সেসময় দৈনিক ১,৭৮৩ কোটি টাকা গড় লেনদেন হতো, যা ২০১২ সালে ৭৪ শতাংশ কমে ৪৭০ কোটি টাকা হয়েছে।”

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে গড় দৈনিক লেনদেন ২৭৫ কোটি টাকায় নেমেছে। বাজারের মূলধনও ২০১০ সালের তিন লাখ ৫০ হাজার ৮০০ কোটি টাকা থেকে কমে দুই লাখ ২৪ হাজার ৩১৫ কোটি হয়েছে।

মারুফ বলেন, “এই মন্দা পরিস্থিতির কারণে সাধারণ বিনিয়োগকারী, স্টক ব্রোকার ও ডিলার এবং স্টক এক্সচেঞ্জসহ সংশ্লিষ্ট পক্ষগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।”

তাই ক্ষতিগ্রস্ত ব্রোকারেজ হাউজগুলোর কমিশনের উপর আরোপিত উৎসে কর কমানোর সুপারিশ করেন তিনি।

“স্টক এক্সচেঞ্জের সদস্য কর্তৃক সিকিউরিটি লেনদেন কমিশনের উপর আরোপিত উৎসে করহার শুন্য দশমিক ০৫ শতাংশ থেকে কমিয়ে শুন্য দশমিক ০১৫ শতাংশ করা উচিৎ।”

২০০৬-০৭ অর্থবছরের বাজটে স্টক এক্সচেঞ্জের সদস্যদের লেনদেনে কমিশনের উপর শুন্য দশমিক ০১৫ শতাংশ হারে উৎসে কর আরোপ করা হয়, যা পরের দুই অর্থবছর অব্যাহত ছিল। পরের অর্থবছরগুলোতে ক্রমাগত বাড়িয়ে ২০১১-১২ অর্থবছরের শুন্য দশমিক ১০ শতাংশ করা হলেও ২০১১ সালের অক্টোবরেই আবার তা কমিয়ে শুন্য দশমিক ০৫ শতাংশ করা হয়।

২০০৮-০৯ অর্থবছরে পুঁজিবাজারে দৈনিক গড় লেনদেন ছিল ৪২৬ কোটি টাকা। চলতি অর্থবছরের গড় দৈনিক লেনদেন তখনকার চেয়ে প্রায় তিন চতুর্থাংশ কমলেও কর কমেনি।

পুঁজিবাজারে গতিশীলতা বাড়াতে কোম্পানির বিতরণ করা বিনিয়োগকারীদের লভ্যাংশের উপর আরোপিত উৎসে কর প্রত্যাহারের কথা বলেন মারুফ খান।

তিনি বলেন, কোম্পানি তার পুরো মুনাফার উপর একবার কর দিলেও লভ্যাংশ বিতরণের সময় আবার কর আদায় করা হয়। এ ধরনের ‘দ্বৈত কর’ এড়াতে উৎসে কর প্রত্যাহারের দাবি জানান তিনি।

করপোরেট কর রেয়াত পুনর্বিন্যাস করা হলে তালিকাভুক্ত কোম্পানিগুলো উচ্চহারে লভ্যাংশ প্রদানে এবং প্রকৃত মুনাফা দেখাতে উৎসাহিত হবে মনে করেন সিএসই সভাপতি।

বিক্রয়লব্ধ মূলধনী লাভ এক থেকে দুবছর ধারণ করলে এর বর্তমানে আরোপিত কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশ, দুই থেকে তিন বছর ধারণ করলে ৫ শতাংশে কমিয়ে আনার প্রস্তাব করেন তিনি।

আর তিন বছরের বেশি সময় ধারণ করলে সম্পূর্ণরূপে কর রেয়াতের সুপারিশ করেন সিএসই সভাপতি।

তিনি বলেন, ব্রোকারেজ হাউজগুলো বিনিয়োগকারীদের পক্ষে লেনদেন করে থাকে। এক্ষেত্রে অনেক সময় বিনিয়োগকারীদের কাছ থেকে পাওনা আদায় হয় না। কিন্তু ব্রোকারেজ হাউজগুলোর মন্দ ঋণের জন্য কোনো অনুমোদনযোগ্য সঞ্চিতির বিধান নেই।

মারুফ খান বলেন, “এক্ষেত্রে ব্রোকারেজ হাউজগুলোকে মোট আয়ের এক শতাংশ পর্যন্ত মন্দ ঋণ সঞ্চিতির অনুমোদন করা যেতে পারে।”

কর অবকাশ সুবিধা নেয়া কোম্পানিগুলোর উপর আয়কর কর্তৃপক্ষের কঠোর নজরদারি নিশ্চিত করা, শেয়ার প্রিমিয়ামের উপর করের বিধান প্রত্যাহার করা ও বিনিয়োগ কর রেয়াত বিধানের কথাও প্রস্তাব করেন তিনি।

স্টক এক্সচেঞ্জসমূহকে ডিমিউচ্যুয়ালাইজেশনের পরবর্তী সাত বছর আয়কর থেকে অব্যাহতি দেয়া উচিত বলে মনে করেন মারুফ খান।

এছাড়া পুঁজিবাজারে গতিশীলতা ফেরাতে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুবিধা অব্যাহত রাখা, স্বেচ্ছায় আয়ের ঘোষণা অপরিবর্তিত রাখা এবং কর্পোরেট কর পুনর্বিন্যাস করারও সুপারিশ করেন তিনি।