এপেক্সের নতুন লোগো
জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান এপেক্সের নতুন লোগো উন্মোচন করা হয়েছে।
শনিবার রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স-এর কনভেনশন হলে এই লোগা উন্মোচন করেন এপেক্স এডেলকি ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এস এ এম ইউসুফ এবং জেনারেল ম্যানেজার (মার্কেটিং) খন্দকার স্বনন শাহরিয়ার।
লোগো উন্মোচন করে নাসিম মঞ্জুর বলেন, ১৯৯০ সালে যাত্রা শুরু করে এপেক্স কঠোর পরিশ্রম এবং নিয়মিত উদ্ভাবনের মাধ্যমে ফুটওয়্যার পণ্যের গুণগত মান ক্রমাগত বাড়িয়েছে এবং ইউরোপ, আমেরিকা ও জাপানের বাজারে বাংলাদেশি ফুটওয়্যার পণ্যের সুনাম প্রতিষ্ঠা করেছে।
“বাংলাদেশের ক্রেতাদের বিশ্বমানের ফুটওয়্যার সামগ্রী উপহার দিতে এপেক্স নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতায় এপেক্স বাজারে এনেছে এক ব্র্যান্ডের জায়গায় বারোটি ব্র্যান্ড। নারী-পুরুষ-শিশু সকলের উপযোগী স্টাইলিশ ফুটওয়্যার।”
পরিবর্তনের এই অগ্রযাত্রার প্রতীক হিসেবে প্রতিষ্ঠানটি তার লোগোকে নতুন আঙ্গিকে উপস্থাপন করছে বলে মন্তব্য করেন নাসিম মঞ্জুর।
তিনি বলেন, নতুন লোগোতে লাল-সবুজের ব্যবহার যেমন বাংলাদেশের পরিচয়কে বিশ্বের দরবারে গর্বের সাথে উপস্থাপন করবে, তেমনি এর আকর্ষণীয় প্যাটার্ন প্রতিষ্ঠানটির আন্তর্জাতিকতা ও স্টাইলিশ ইমেজের পরিচয় দেবে।
