২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওপারে শ্রমিক ধর্মঘট, আমদানি বন্ধ

বেতন ভাতা বাড়ানোর দাবিতে পেট্রাপোলে  ট্রাক শ্রমিকদের ধর্মঘটের তৃতীয় দিন বুধবারও বেনাপোলে পণ্য আসা বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 10:23 AM

Updated : 25 Apr 2022, 06:47 PM

সোমবার সকাল থেকে ভারতের বনগাঁ ট্রাক লরি শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘট শুরু করলে পশ্চিমবঙ্গের ট্রাক শ্রমিকরাও সমর্থন দেয়।

বনগা ট্রাক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রদীপ সাহা জানান, বুধবারের মধ্যে দাবি মেনে না নিলে বৃহস্পতিবার থেকে লাগাতার ধর্মঘট শুরু করবেন।

ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ট্রাক চালকরা বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে মালিকপক্ষের সঙ্গে দেন দরবারও চলছ।

“কিন্তু মালিকপক্ষ দাবি মেনে না নেওয়ায় তারা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন,” বলেন তিনি।

এদিকে ধর্মঘটের কারণে কয়েকশ’ ট্রাক আমদানি পণ্য নিয়ে পেট্রাপোল বন্দরে দাঁড়িয়ে আছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কামরুল হাসান জানান,  ট্রাক শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের সমঝোতা না হওয়ায় পশ্চিমবঙ্গের ট্রাক শ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে।

তবে কলকাতার বাইরে থেকে আসা কিছু ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করছে বলেও জানান তিনি।