‘পুঁজিবাজারে গতি ফেরাতে পারে সরকার’
আগামী অর্থবছরের বাজেটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দেয়া সুপারিশগুলো বাস্তবায়ন হলে পুঁজিবাজারে ‘গতি’ বাড়বে বলে মনে করছেন এর সভাপতি রকিবুর রহমান।
তার মতে, গত প্রায় আড়াইবছর ধরে পড়তে থাকা পুঁজিবাজারকে টেনে তোলার ক্ষমতা বাজার নিয়ন্ত্রক সংস্থা বা স্টক এক্সচেঞ্জগুলোর নেই। একমাত্র সরকার ও কেন্দ্রীয় ব্যাংকই পারে এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে।
ডিএসইর পক্ষ থেকে ৯টি বাজেট প্রস্তাবনা নিয়ে ইতোমধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেছে ডিএসই প্রতিনিধিদল। পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডকেও তাদের প্রস্তাব জমা দিয়েছে ডিএসই।
বাজেট প্রস্তাব নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রকিবুর রহমান বলেন, “স্টক এক্সচেঞ্জ ও সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে এ বাজার ভালো করা সম্ভব নয়। সরকার বিশেষ করে অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগই এ বাজারকে ভালো করতে পারে। তাই বাজার ভালো করার জন্য তাদেরকেই এগিয়ে আসতে হবে।”
ডিএসই বিভিন্ন ক্ষেত্রে কর হ্রাসের পাশাপাশি পুঁজিবাজারের জন্য বিশেষ তহবিল গঠন করার সুপারিশ করেছে।
প্রস্তাবে ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী পাঁচ বছরের জন্য স্টক এক্সচেঞ্জগুলোকে কর অব্যাহতি সুবিধা দেওয়া, ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়ায় প্রাথমিক শেয়ারহোল্ডারদের মাঝে বন্টন করা শেয়ার থেকে পাওয়া ক্যাপিটাল গেইনের ট্যাক্স মওকুফ করা, বছরে ১৫ লাখ টাকার কম আয় করা কেউ ন্যূনতম ১ লাখ টাকা বাজারে বিনিয়োগ করলে ৫০ শতাংশ আয়কর রেয়াত দেয়ার কথা বলা হয়েছে।
স্টক এক্সচেঞ্জের সদস্যদের কাছ থেকে উৎসে কর আদায় দশমিক ০৫ শতাংশ থেকে কমিয়ে দশমিক ০১৫ শতাংশ করা এবং উদ্যোক্তা ও প্লেসমেন্ট হোল্ডারদের কাছ থেকে কর সংগ্রহের দায়িত্ব স্টক এক্সচেঞ্জের পরিবর্তে সিডিবিএলকে দেয়ারও প্রস্তাব করা হয়।
রকিবুর রহমান বলেন, “সরকার ইতোমধ্যে পুঁজিবাজারের জন্য মার্চেন্ট ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠাননের প্রায় দেড় হাজার কোটি টাকার পূন:অর্থায়ন তহবিল গঠনের জন্য বাংলাদেশ ব্যাংককে বলেছে। এছাড়া আইসিবিকে প্রায় ঋণ দেওয়া হয়।”
“এক্ষেত্রে পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠন করে দিলে তা পুঁজিবাজারের জন্য দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে।”
রকিবুর বলেন, “তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর কর কমালে আরো প্রতিষ্ঠান তালিকাভুক্ত হবে। এর ফলে বাজার বড় হবে ও লেনদেন বাড়বে। এতে সরকারের করও বাড়বে।”
২০১০ এর ডিসেম্বরের প্রথম সপ্তাহে ডিএসই সাধারণ সূচক প্রায় ৯ হাজার পয়েন্টে পৌঁছানোর পর দরপতন শুরু হয়। গত আড়াই বছরে বাজার তোলার জন্য সরকার, নিয়ন্ত্রক সংস্থা, কেন্দ্রীয় ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।
পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রী বৈঠক করার পর ২০১১ সালের নভেম্বরে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এরপরও পতন ঠেকানো যায়নি। এপ্রিলের শেষ সপ্তাহে সাধারণ সূচক ৩ হাজার ৬০০ পয়েন্টে পৌঁছে।
