২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে যাওয়া সমাধান নয়: শারম্যান

তাজরীনে অগ্নিকাণ্ডে শতাধিক এবং রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানিতে চাপে থাকা পোশাক শিল্প পরিস্থিতির উত্তরণে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারম্যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 06:34 PM

Updated : 25 Apr 2022, 06:47 PM

বাংলাদেশ থেকে ক্রেতাদের মুখ ফিরিয়ে না নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “আমরা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে না নিতে উৎসাহিত করছি। কারণ এর সমাধান সংস্কারে, প্রত্যাহারে নয়।”

সোমবার রূপসী বাংলা হোটেলে বাংলাদেশ ইনিস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত ‘এ পার্টনারশিপ উইদআউট বাউন্ডারিজ: ইউএস-বাংলাদেশ রিলেশনস’ শীর্ষক বক্তৃতায় শারম্যান এই আহ্বান জানান।

সাভারের রানা প্লাজা ধসের মতো ঘটনা আর যেন না ঘটে, সেজন্য যা যা করার তা করতে পরামর্শ দেন তিনি।

“আমরা বাংলাদেশের সরকার, বাংলাদেশি ও আমেরিকান বেসরকারি খাতের সঙ্গে, শ্রম ও সুশীল সমাজের সঙ্গে, আন্তর্জাতিক সহলে আমাদের অংশীদারদের সঙ্গে এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কাজ করছি।”

শারম্যান বলেন, পরিস্থিতির উন্নতি ঘটাতে কাজ করতে হবে বাংলাদেশ সরকারকে। আর তাতে সহযোগিতা দেবেন তারা।

তিনি আশা প্রকাশ করেন, কয়েকটি দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ কারখানায় শ্রমপরিবেশের উন্নতি ঘটাতে সক্ষম হবে, যেমনটি এক শতাব্দী আগে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও ঘটেছিলো।

বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে শারম্যান বলেন, “সত্যিকার অর্থে সমৃদ্ধ হতে বাংলাদেশকে নির্বাচনী বছরের সহিংসতার পুরনো চক্র থেকে বেরিয়ে আসতে হবে।”

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গত কয়েক বছরে অনেক দূর এগিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

“বাংলাদেশের সাফল্যগাথাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের যথেষ্ট আগ্রহ রয়েছে। এইসব চ্যালেঞ্জ যদিও অনেক ক্ষেত্রেই কঠিন, কিন্তু সেগুলো অনতিক্রম্য নয়।”

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপ দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন মাত্রায় নিতে ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন শারম্যান।

সারা বিশ্বে জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশে অবদান, দারিদ্র্য ও দুর্ভোগের বিরুদ্ধে বাংলাদেশি প্রতিষ্ঠান ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকের কার্যক্রম, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের নেতৃত্ব দেয়ার প্রসংশা করেন তিনি।

নারীর ক্ষমতায়নের প্রতি বিশেষ গুরুত্ব দেয়ায়ও বাংলাদেশের প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের মন্ত্রী।

শারম্যান জানান, বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) বার্ষিক উন্নয়ন বাজেট ২০ কোটি ডলার, যা আফগানিস্তান ও পাকিস্তানের পরে এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উন্নয়ন কর্মসূচি।